ভারতে মাওবাদী হামলা: কঠোর ব্যবস্থার আহ্বান
ভারতের ছত্তিশগড়ে শনিবার সন্দেভাজন মাওবাদী হামলায় ক্ষমতাসীন কংগ্রেসের দুই জ্যেষ্ঠ নেতাসহ ২৮ জন নিহতের ঘটনার পর এ ধরনের সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ডাক উঠেছে গণামধ্যমগুলোতে।
হামলার ঘটনায় অত্যন্ত মর্মাহত বলে জানান কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।প্রধানমন্ত্রী মনমোহন সিংও বিদ্রোহীদের কাছে মাথানত না করার অঙ্গীকার করেন।
শনিবার ভারতের মধ্যাঞ্চলীয় প্রদেশ ছত্তিশগড়ের প্রধান শহর রায়পুরের ৩৪৫ কিলোমিটার দক্ষিণে এ হামলার ঘটনা ঘটে। সাধারণ পোশাক পরা প্রায় ২৫০ জন মাওবাদী কংগ্রেস নেতাদের একটি গাড়িবহর লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলায় রাজ্য কংগ্রেসের প্রধান নন্দ কুমার পাটেল, এবং জ্যেষ্ঠ নেতা মহেন্দ্র কর্মা নিহত হন।
দ্য হিন্দুস্তান টাইমস ‘অ্যাক্ট টাফ অন রেড টেরর’ শিরোনামের সম্পাদকীয়তে লিখেছে, “অত্যন্ত কঠোর ভাষায় এ ধরনের হামলার নিন্দা জানাতে হবে।” লড়াইটা এখন আর মাওবাদী, পুলিশ আর আধাসামরিক বাহিনীর মধ্যে সীমাবদ্ধ নেই।এটি এখন ভারতের বিরুদ্ধে পুরোদস্তুর যুদ্ধে পরিণত হয়েছে বলে মন্তব্য করা হয় এতে।
‘দ্য টাইমস অব ইণ্ডিয়া’ রেড জোনের অন্যান্য রাজ্যগুলো অপেক্ষাকৃত শান্ত থাকার সুযোগে নিরাপত্তা বাহিনীর ঝিমিয়ে পড়ার অভিযোগ করেছে।মাওবাদীরা এ সুযোগকেই কাজে লাগিয়েছে বলে দোষারোপ করেছে পত্রিকাটি।
‘দ্য ইণ্ডিয়ান এক্সপ্রেস’ মাওবাদী হামলাকে সবচেয়ে দুর্ধর্ষ হামলা উল্লেখ করে বলেছে, রাষ্ট্রকে অবশ্যই মাওবাদীদের ওপর নিজ প্রভাব প্রতিষ্ঠা করতে হবে।
‘দ্য হিন্দু’ সতর্ক করে দিয়ে বলেছে, মাওবাদী হামলার ঘটনাকে কেন্দ্র করে ছত্তিশগড়ের পরিস্থিতি কোনোভাবেই অবনতির দিকে যেতে দেয়া যাবে না।
ভারতে মাওবাদীরা এখন নিরাপত্তা বাহিনী, রাজনৈতিক কর্মী, আদিবাসী জনগোষ্ঠী দেখভালের দায়িত্বরত প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধেও সাঁড়াশি অভিযান শুরু করেছে বলে মনে করা হচ্ছে।
এ লড়াই আদিবাসীদের বৃহত্তর কল্যাণের জন্য নয়, তারা ভেঙে ফেলতে চায় গণতান্ত্রিক মূল্যবোধ৷ সব রাজনৈতিক নেতাকর্মীরাই মাওবাদীদের এই হত্যাযজ্ঞকে গণতন্ত্রের ওপর বিরাট আঘাত বলে অভিহিত করছেন৷
