২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় হৃৎপিণ্ড-ভক্ষণের ভিডিও, নিন্দাবাদ

সিরিয়ায় এক বিদ্রোহীর মৃত এক সেনার হৃৎপিণ্ড কামড়িয়ে খাওয়ার ভিডিও নিয়ে নিন্দার ঝড় উঠেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2013, 11:29 AM

Updated : 23 Aug 2022, 10:45 AM

একে যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র-ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ(এইচআরডব্লিউ)।

ওদিকে, হৃৎপিণ্ড ভক্সণকারীকে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছে সিরিয়ার প্রধান বিরোধী জোট।

এইচআরডব্লিউ হৃৎপিণ্ড খাওয়া ওই বিদ্রোহীর নাম আবু শক্কর বলে চিহ্নিত করেছে।শক্কর হোমস শহরের সুপরিচিত এক বিদ্রোহী যোদ্ধা দলের নেতা।দলটির নাম ইনডিপেনডেন্ট ওমর আল ফারুক ব্রিগেড।

বিবিসি’র খবরে বলা হয়েছে, ভিডিওটি’র সত্যাসত্য নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি।কিন্তু ভিডিও’র দৃশ্য দেখে মনে হয়েছে শক্কর ওই সেনার হৃৎপিন্ড কেটে বের করছে।

আর সেনাটির মৃতদেহের ওপর দাঁড়িয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদের উদ্দেশ্যে বলছে, “বাশারের সেনারা- কুত্তারা, আল্লাহর কসম আমরা তোমাদের হৃৎপিণ্ড খাব, জীবন খেয়ে ফেলব”।

এ ঘটনার নিন্দা জানিয়ে এইচআরডব্লিউ’র কর্মকর্তা পিটার বউকার্ট রয়টার্সকে বলেন, শত্রুর মৃতদেহ কাটাছেঁড়া করা যুদ্ধপরাধ।আর যারাই যুদ্ধাপরাধ করবে তাদেরই জানা থাকা উচিত যে, তারা কোনোরকম ছাড় পাবে না।তাদেরকে এর জবাবদিহি করতে হবে।

এইচআরডব্লিউ জানায়, লেবাননের শিয়া এলাকায় রকেট হামলার আগে আবু শক্করের ওই ভিডিও ধারণ করা হয়।রোববার ভিডিওটি পোস্ট করা হয়। এতে শক্করকে লেবাননে রকেট ছোড়ার পাশাপাশি হিজবুল্লাহ গেরিলাদের মৃতদেহের সঙ্গে পোজ দিতে দেখা যায়।
লেবাননের শিয়া এলাকায় হামলা করাও যুদ্ধাপরাধের সামিল বলে জানিয়েছে এইচআরডব্লিউ।