যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত ও পাঞ্জাব গভর্নরের পদত্যাগ
পাকিস্তানের জাতীয় নির্বাচনে নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) জয়ী হওয়ার মধ্যেই যুক্তরাষ্ট্রে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত শেরি রেহমান পদত্যাগ করেছেন। অন্যদিকে, পাঞ্জাবের গভর্নরও প্রদেশটিতে পিএমএল-এন জয়ী হওয়ায় পদত্যাগের পাশাপাশি রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, শেরি রেহমান তার পদত্যাগপত্র পাক প্রধানমন্ত্রী মির হাজার খান খোশোর কাছে পাঠিয়ে দিয়েছেন।
দীর্ঘ সময় পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি)হয়ে কাজ করেছেন শেরি। ২০০২ সালে পাকিস্তানের জাতীয় পরিষদে সংরক্ষিত আসনে পিপিপি’র মনোনয়নে সংসদসদস্য নির্বাচিত হন তিনি।
পরবর্তী সময়ে ২০০৮ সালেও নারীদের জন্য সংরক্ষিত আসনে পিপিপির মনোনয়নে সংসদসদস্য নির্বাচিত হন। ওই সালেই পিপিপি জোট সরকার গঠন করলে শেরি দেশটির কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী নিযুক্ত হন। কিন্তু ২০০৯ সালে তিনি পদত্যাগ করেন।
মেমোগেট কেলেঙ্কারির জন্য যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত হুসেইন হাক্কানি পদত্যাগ করার পর শেরি রেহমানকে যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়। চলতি বছর পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক পদক নিশান-ই-ইমতিয়াজে ভূষিত করা হয় শেরি রেহমানকে।
শেরি রাষ্ট্রদূত থাকাকালীন সময়ে যুক্তরাষ্ট্র-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে জটিলতম সময় অতিক্রম করে।
অন্যদিকে, পাঞ্জাব প্রদেশে নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) জয়ী হওয়ার পরিপ্রেক্ষিতে গভর্নর মাখদুম আহমেদ মাহমুদ পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
এক সংবাদ সম্মেলনে পাঞ্জাব গভর্নর বলেন, তিনি তার পদত্যাগপত্র পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির কাছে পাঠিয়েছেন।
মাহমুদ বলেন, পাকিস্তানের জনগণ দেশ পরিচালনার জন্য পিএমএল-এন কে বেছে নিয়েছে এবং এই জনরায়ের প্রতি সম্মান জানিয়ে একে গ্রহণ করা উচিৎ।
তিনি আরো বলেন, পিএমএল-এন প্রধান নওয়াজ শরিফ পাকিস্তানের প্রশাসনের দায়িত্বভার গ্রহণ করে দক্ষতার সঙ্গে পরিচালনা করবেন বলে তিনি আশা করছেন।
মাহমুদ এ সময় আর সংসদীয় রাজনীতিতে সম্পৃক্ত থাকবেন না বলেও ঘোষণা দেন। কিন্তু রাজনীতি থেকে দূরে সরে গেলেও তিনি নিজের সামর্থ্য অনুযায়ী পাকিস্তানের সেবা করে যাবেন বলে জানান।
