গোপনে বসতিস্থাপন কমাচ্ছেন নেতানিয়াহু!
ইহুদি বসতিতে নতুন ভবন নির্মাণ প্রকল্পগুলো গোপনে কমিয়ে ফেলছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।বসতিস্থাপন পর্যবেক্ষণকারী একটি ইসরায়েলি গ্রুপ এবং গণমাধ্যমের প্রতিবেদনে মঙ্গলবার একথা বলা হয়েছে।
এ উদ্যোগকে ফিলিস্তিনের সঙ্গে শান্তি আলোচনা নতুন করে শুরুর যুক্তরাষ্ট্রের চেষ্টায় সহায়ক পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।
অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইহুদি বসতিস্থাপন কার্যক্রম পর্যবেক্ষণকারী গ্রুপ ‘পিস নাউ’এর প্রধান ইয়ারিভ ওপেনহেইমার বলেন, “আমরা দেখেছি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মার্চে ইসরায়েল সফরের পর থেকে এখন পর্যন্ত পশ্চিম তীরে নতুন বসতি নির্মাণ প্রকল্প খুব কমই অনুমোদন পেয়েছে।”
তবে এ সংখ্যা কত তা এখনই বলা যাচ্ছে না বলে জানান তিনি।
ইসরায়েলের সামরিক বেতারে বলা হয়েছে, পশ্চিম তীরে নতুন হাউজিং প্রকল্পের জন্য টেন্ডার দেয়া বন্ধের নির্দেশ দিতে নেতানিয়াহু হাউজিং মন্ত্রী ইউরি এরিয়েলের সঙ্গে দেখাও করেছেন।এতে করে ওই এলাকায় শত শত বসতি নির্মাণ কাজ পিছিয়ে গেছে।
ইসরায়েলের হারেজ পত্রিকা অজ্ঞাতপরিচয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলেছে, অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে জুনের মাঝামাঝি সময় পর্যন্ত নতুন টেন্ডার না দেয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন নেতানিয়াহু।
তবে এ ব্যাপারে জেরুজালেমে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি নেতানিয়াহুর মুখপাত্র।নেতানিয়াহু সম্প্রতি চীন সফর করছেন।
ওদিকে, হাউজিং মন্ত্রী এরিয়েলও সামরিক বেতারের সাক্ষাৎকারে বসতিস্থাপন বন্ধ থাকার খবরটি নিশ্চিত বা অস্বীকার কোনোটিই করেননি।
২০১০ সালে ইসরায়েলের ইহুদি বসতি সম্প্রসারণের পদক্ষেপকে কেন্দ্র করেই ভেস্তে গিয়েছিল ফিলিস্তিনের সঙ্গে তাদের শান্তি আলোচনা।
সেই আলোচনা আবার শুরুর জন্য নতুন করে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
