২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাঞ্জানিয়ায় চার্চে বোমা হামলায় ৪ সৌদিসহ গ্রেপ্তার ৮

তাঞ্জানিয়ায় চার্চে বোমা বিস্ফোরনের ঘটনায় ৪ সৌদি নাগরিক সহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই সৌদি নাগরিকরা কেনিয়ায় পালানোর সময় তাদের আটক করা হয় বলে জানিয়েছে দেশটির পুলিশ।

নিউজ ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2013, 07:42 AM

Updated : 23 Aug 2022, 10:43 AM

তাঞ্জানিয়ার উত্তরাঞ্চলের আরুশা শহরে রোববারের ওই হামলায় এক নারীসহ ২ জন নিহত হন। আহত হন অন্তত ৫০ জন। দেশটির প্রেসিডেন্ট জাকাওয়া কিকওয়েটি একে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেন।

নতুন রোমান ক্যাথলিক চার্চের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এই বিস্ফোরনের ঘটনা ঘটে। বিস্ফোরনের সময় চার্চটি প্রার্থনাকারীতে পূর্ণ ছিলো বলে জানিয়েছে বিবিসি। এ অনুষ্ঠানে তাঞ্জানিয়ায় নিযুক্ত ভ্যাটিক্যানের দূত এবং আরুশার আর্চবিশপ উপস্থিত থাকলেও তাদের কোন ক্ষতি হয়নি।

প্রার্থনার সময় ওই এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থার থাকা সত্ত্বেও হামলাটি হয়।

এরআগে ওই বোমা হামলায় ১জন নিহত হওয়ার খবর জানিয়েছিল সংবাদমাধ্যমগুলো।

সাম্প্রতিক সময়ে তাঞ্জানিয়ায় খ্রিস্টান ও মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতার উত্থান ঘটেছে। গত মাসে পশু জবাইকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার পরিপ্রেক্ষিতে তাঞ্জানিয়ার দক্ষিণাঞ্চলে প্রায় ২শ’ খ্রিস্টান দাঙ্গাকারী একটি মসজিদ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করলে কাঁদুনে গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিরাপত্তা বাহিনী।

ফেব্রুয়ারিতে তাঞ্জানিয়ার মুসলিম অধ্যুষিত জানজিবারে এক ক্যাথলিক যাজক মাথায় গুলিবিদ্ধ হন।