২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে মসজিদসহ বিভিন্ন স্থানে বোমা হামলায় নিহত ১৭

ইরাকের রাজধানী বাগদাদে সোমবার তিনটি বোমা হামলা ও একটি মসজিদে গ্রেনেড হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও হাসপাতাল সূত্রগুলো।

রয়টার্স

.

রয়টার্স

Published : 07 May 2013, 05:32 AM

Updated : 23 Aug 2022, 10:43 AM

সোমবার সন্ধ্যায় নামাজ পড়ে বের হওয়ার সময় সুন্নিদের একটি মসজিদে অজ্ঞাত হামলাকারীরা গ্রেনেড ছুঁড়ে মারলে ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়।

একই দিন সকালে উত্তর বাগদাদের শিয়া অধ্যুষিত হুসাইনিয়া এলাকার প্রবেশ পথে স্থাপিত পুলিশের তল্লাশি চৌকির কাছে দুটি গাড়ি বোমা বিস্ফোরণে সাত বেসামরিক ও এক পুলিশ সদস্য নিহত হয়।

এছাড়া দক্ষিণ বাগদাদের দৌরা এলাকায় পুলিশের একটি রেস্তোরাঁর কাছে আরেকটি বোমা বিস্ফোরণে তিনজন বেসামরিক ব্যক্তি নিহত হয়।

তিনটি বোমা হামলায় আরো অন্তত ৩৩ জন আহত হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো পক্ষ এসব হামলার দায়িত্ব স্বীকার করেনি।

ইরাকের শিয়া ও সুন্নিদের মধ্যে সম্পর্কের মারাত্মক অবনতির জের ধরে দেশটিতে সম্প্রদায়গত হানাহানি ব্যাপক বৃদ্ধি পেয়েছে। চলতি বছর বিভিন্ন হামলা-পাল্টা হামলায় এ পর্যন্ত প্রায় দেড় হাজার মানুষ নিহত হয়েছে।