বেঁচে গেলেন মিশরের প্রধানমন্ত্রী
মিশরের প্রধানমন্ত্রী হিশাম কান্দিলের গাড়িবহর লক্ষ্য করে গুলিবর্ষণ করার দায়ে পাঁচ তরুণকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার রাজধানী কায়রোতে গুলিবর্ষণের এ ঘটনা ঘটে।
কর্তৃপক্ষের ভাষ্যমতে, কোনো রাজনৈতিক উদ্দেশ্যে হামলাটি চালানো হয়নি। কান্দিল ও তার চার সফর সঙ্গীর কেউ আহত হননি।
এক বিবৃতিতে মিশরের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, রাত ১১টার দিকে কায়রোর বাণিজ্যিক ও আবাসিক এলাকা দোক্কি দিয়ে কান্দিলের গাড়ি বহরটি যাচ্ছিল। এ সময় পাঁচ তরুণকে বহনকারী অপর একটি গাড়ি প্রধানমন্ত্রীর গাড়ি বহরের পাশ দিয়ে যাওয়ার সময় একটি গাড়িকে ধাক্কা দেয়।
কান্দিলের নিরাপত্তারক্ষীরা প্রধানমন্ত্রীর গাড়ি বহরের পাশ থেকে ওই গাড়িটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে এক তরুণ প্রধানমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে দুই রাউন্ড গুলিবর্ষণ করে। পুলিশ ওই গাড়িটিকে আটক করে আরোহী পাঁচ তরুণকে গ্রেপ্তার করে।
এই ঘটনার “কোনো রাজনৈতিক উদ্দেশ্যে বা অন্য কোনো উদ্দেশ্য নেই” বলে বিবৃতিতে জানানো হয়।
আটক পাঁচ তরুণের বয়স ১৮ থেকে ২৯ বছরের মধ্যে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়।
