‘সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল’
ইসরায়েল বৃহস্পতি বা শুক্রবারের মধ্যে সিরিয়ায় একটি আকাশ হামলা চালিয়েছে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে সিএনএন।
সিএনএন ওই কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলেছে, “বৃহস্পতিবার-শুক্রবারের মধ্যে হামলাটি চালানো হয়েছে। তবে ইসরায়েলের যুদ্ধবিমানগুলো সিরিয়ার আকাশ সীমায় প্রবেশ করেনি।”
সিরিয়ার কোনো রাসায়নিক অস্ত্র ভাণ্ডার লক্ষ করে হামলাটি চালানো হয়নি বলে মনে করেন ওই কর্মকর্তারা।
তবে খবরটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। সিএনএন’র প্রতিবেদনের উল্লেখ করে হোয়াইট হাউসের এক কর্মকর্তা এ বিষয়ে ইসরায়েল সরকারের কাছে জানতে চেয়েছেন।
ওদিকে, জেরুজালেমে এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। তবে ইসরায়েল সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেছেন, “এ ধরনের প্রতিবেদনের বিষয়ে আমরা কোনো মন্তব্য করবো না।”
ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের এক মুখপাত্র বলেন, “এসব প্রতিবেদনের বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে পারি না, কিন্তু আমরা যা বলতে পারি তা হলো, সিরিয়ার ক্ষমতাসীনদের হাত থেকে রাসায়নিক অস্ত্র বা পরিস্থিতি পাল্টে দেওয়ার মতো অন্যান্য অস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী বিশেষ করে লেবাননের হিজবুল্লার হাতে চলে যাওয়া প্রতিরোধ করতে ইসরায়েল দৃঢ় প্রতিজ্ঞ।”
২০০৬ সালের এক যুদ্ধে হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে টানা ৩৪ দিন লড়াই করেছিল।
সিএনএন’র প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময়কালে ইসরায়েলি যুদ্ধবিমান লেবাননের ওপর দিয়ে উড়ে গিয়েছিল এমন তথ্য সংগ্রহ করেছে যুক্তরাষ্ট্র।
চলতি বছরের জানুয়ারিতে, সিরিয়ার একটি সামরিক বহরে বোমা হামলা চালায় ইসরায়েল। আঞ্চলিক নিরাপত্তা সূত্র, সিরিয়ার বিদ্রোহী ও কূটনীতিকদের মতে, হিজবুল্লার উদ্দেশে পাঠানো অস্ত্রের চালান লক্ষ করে হামলাটি চালানো হয়।
