২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বস্টনে হামলার পরিকল্পনা ছিল ৪ জুলাই

বস্টনে ম্যারাথন দৌড়ে বোমা হামলায় জড়িত দুই ভাই প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস ৪ জুলাইয়ে হামলার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছেন আইন প্রয়োগকারী এক কর্মকর্তা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 03 May 2013, 10:07 AM

Updated : 23 Aug 2022, 10:42 AM

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, তামেরলান এবং জোখার সারনায়েভ নির্ধারিত ওই দিনের আগেই হামলা চালায়।কারণ,তারা প্রথমে যা ধারণা করেছিল তার চেও আগে বোমা বানিয়ে ফেলতে সক্ষম হয়েছিল।

এ ব্যাপারে তিনি বিস্তারিত আর কিছু জানাননি।হামলাকারীরা নির্দিষ্ট কোনো অনুষ্ঠানে হামলা চালাতে চেয়েছিল কিনা তা স্পষ্ট জানা যায়নি। তবে বস্টনে প্রতি বছরই ৪ জুলাইয়ে উৎসব হয়ে থাকে।

হামলাকারীরা প্রেসার কুকারে বানানো বোমা নিয়ে ১৫ এপ্রিলে ওই হামলা চালিয়েছিল বলে জানা গেছে তদন্তে।ওই হামলায় তিনজন নিহত এবং ২৬০ জনেরও বেশি মানুষ আহত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ‘দ্য বোস্টন গ্লোব’ তাদের ওয়েবসাইটে জানায়, বোমা হামলার ৪ দিন পর আটক জোখার তদন্তকারীদের বলেছেন, বস্টনের বিখ্যাত ‘চার্লস রিভার এসপ্লানাড’ উদযাপনকালে বোমা হামলা চালানো নিয়ে আলোচনা করেছিল তারা।

৪ জুলাইয়ে হামলা পরিকল্পনাসহ জোখারের দেয়া অন্যান্য বিস্তারিত তথ্য নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ ও অন্যান্য গণমাধ্যম।

এনবিসি নিউজও অজ্ঞাতনামা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানায়, জোখার তদন্তকারীদের বলেছেন যে, বড় ভাই তামেরলানের বাসায় বোমা তৈরি করা হয়েছিল।১৯ এপ্রিলে পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয় তামেরলান।

টাইমসের প্রতিবেদনে আরো বলা হয়েছে যে, চেচেন ওই দুই ভাই আত্মঘাতী হামলা চালানোর কথাও চিন্তা করেছিল।তারা অনলাইনে ইয়েমেনের আল-কায়েদা জঙ্গি নেতা আনওয়ার আল আওলাকির বক্তব্যও শুনত।তব আওলাকির সঙ্গে তাদের যোগাযোগ ছিল এমন কোনো আভাস পাওয়া যায়নি।