২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুয়াতেমালার চার শহরে জরুরি অবস্থা জারি

গুয়াতেমালার দক্ষিণপূর্বাঞ্চলীয় চারটি শহরে বৃহস্পতিবার থেকে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আর এতে করে ওই শহরগুলোতে নাগরিকদের সাংবিধানিক অধিকার স্থগিত হয়ে গেছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 03 May 2013, 06:10 AM

Updated : 23 Aug 2022, 10:42 AM

সাম্প্রতিক সপ্তাগুলোতে ওই অঞ্চলগুলোতে প্রস্তাবিত রৌপ্যখনি নিয়ে প্রাণঘাতী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা জারি করে দেশটির সরকার। এরফলে ওই অঞ্চলগুলোর অধিবাসীরা কোনো সমাবেশ করতে পারবেন না এবং যে কাউকে অভিযোগ ছাড়াই গ্রেপ্তার বা আটক করতে পারবে নিরাপত্তা কর্তৃপক্ষ।

কানাডাভিত্তিক খনি প্রতিষ্ঠান তাওয়ে রিসোর্স ইনকর্পোরেশনের পাশে প্রস্তাবিত ওই খনিকে লক্ষ করে বিক্ষোভে দুইজন নিহত হয়। বিক্ষোভ ঠেকাতে দেশটির প্রেসিডেন্ট ওত্তো পেরেজ জরুরি অবস্থা ঘোষণা করেন।

গত শনিবার ওই খনি কোম্পানির নিরাপত্তারক্ষীরা বিক্ষোভকারীদের হঠাতে গুলি ছুঁড়লে ৬ বিক্ষোভকারী আহত হয় বলে গুয়াতেমালার স্বরাষ্ট্রমন্ত্রী মাউরিসিও লোপেজ জানিয়েছেন।

বিক্ষোভকারীদের দাবি প্রস্তাবিত এস্কোবাল রৌপ্যখনি চালু হলে তা নিকটবর্তী সান রাফায়েল লাস ফ্লোরেসের পানিকে দূষিত করবে। ফলে তা বন্ধের দাবিতে বিক্ষোভকারীরা রোববার ২৩ পুলিশ কর্মকর্তাকে অপহরণ করে বলে লোপেজ জানিয়েছেন।

পুলিশ তাদের অপহৃত সহকর্মীদের উদ্ধারে সোমবার অভিযান চালালে এক পুলিশ কর্মকর্তা ও এক বিক্ষোভকারী গোলাগুলিতে নিহত হন বলে লোপেজ নিশ্চিত করেন।

জরুরি অবস্থা জারির কারণ প্রসঙ্গে প্রেসিডেন্ট পিরেজ সাংবাদিকদের বলেন, ‘আমি এই অবস্থা চলতে দিতে পারি না। ছয়মাস ধরে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সঙ্গে ওই অঞ্চলগুলোতে তদন্ত চালিয়ে আমরা নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের খোঁজ পেয়েছি।’