দামেস্কে ফের বোমা হামলায় নিহত ১৩
সিরিয়ার প্রধানমন্ত্রীর গাড়িবহরে বোমা হামলার পরদিনই মঙ্গলবার দামেস্কের কেন্দ্রস্থলে মারজেহ স্কয়ারে আরেক বোমা হামলার ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছে।আহত হয়েছে ৭০ জন।
রাষ্ট্রীয় টিভি বলেছে, হামলায় ৭০ জন আহতের কয়েকজনের অবস্থা গুরুতর। সিরিয়ান অবজারভেটরী ফর হিউম্যান রাইটস হামলায় ৯ বেসামরিক নাগরিক এবং ৩ নিরাপত্তা কর্মকর্তা নিহত হওয়ার খবর জানিয়েছে এবং মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কাপ্রকাশ করেছে।
সরকারপন্থি আল ইখবারিয়া টিভি ফুটেজে মারজেহ স্কয়ারে ঘন ধোঁয়ার মধ্যে দৌড়ে যেতে দেখা গেছে দমকলকর্মীদেরকে।মাটিতে পড়ে থাকতে দেখা গেছে দুটি মৃতদেহ।
হামলার লক্ষ্য তাৎক্ষণিকভাবে স্পষ্ট জানা যায়নি।ফুটেজে ঘটনাস্থলের কাছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রণালয় ভবন দেখা গেছে।
এর আগে সোমবার দামেস্কে বোমা হামলা থেকে প্রধানমন্ত্রী ওয়ায়েল আল-হালকির বেঁচে গেলেও নিহত হন তার এক দেহরক্ষীসহ ৬ জন।
