সিনজিয়াংয়ে অস্থিরতা, আটক ১৯, অস্ত্র উদ্ধার
সিনহুয়ার খবরে বলা হয়, ‘যে গোষ্ঠী হামলা চালিয়েছে তাদের সদস্যরা নিয়মিত ধর্মীয় উগ্রবাদের পক্ষে প্রচারণা ও জঙ্গি তৎপরতা চালানোর ভিডিও ক্লিপস দেখত ও নিষিদ্ধ ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতো।’
চীনের পশ্চিমাঞ্চলীয় সিনজিয়াং উইগুর স্বায়ত্বশাসিত অঞ্চলে স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তাদের মধ্যে গেল সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িত থাকার দায়ে ১৯ জনকে আটক ও হাতে তৈরি বোমা উদ্ধার করেছে পুলিশ।
২৩ এপ্রিলের ওই সংঘর্ষের ঘটনায় ২১ জন নিহত হয়েছিল। মঙ্গলবার চীনের রাষ্ট্রিয় বার্তা সংস্থার সূত্রে এ খবর জানিয়েছে রয়টার্স।
উইগুরের প্র্রাচীন সিল্ক রুট শহর কাশগড়ের ওই সংঘর্ষ জুলাই, ২০০৯ এর পর থেকে সিনজিয়াংয়ের সবেচেয়ে রক্তক্ষয়ী সহিংসতা। ওই সময় সিনজিয়াংয়ের রাজধানী উরুমকিতে এক ভয়াবহ দাঙ্গায় প্রায় ২শ’ জন নিহত হয়েছিল।
কাশগড়ের মারালবেক্সি এলাকায় সংঘটিত এই সহিংসতাকে “সন্ত্রাসী হামলা” বলে উল্লেখ করেছে চীনা সরকার। তবে নির্বাসিত বিশ্ব উইগুর পরিষদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, “সশস্ত্র চীনা ব্যক্তিদের গুলিতে এক উইগুর তরুণ নিহত হলে উইগুররা প্রতিশোধমূলক পাল্টা হামলা চালায়।”
আটকৃত ১৯ জনকে কাশগড়, উরুমকি ও বেইনগোলিন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে সোমবার রাতে জানিয়েছে সিনহুয়া।
সিনহুয়ার খবরে বলা হয়, “যে গোষ্ঠী হামলা চালিয়েছে তাদের সদস্যরা নিয়মিত ধর্মীয় উগ্রবাদের পক্ষে প্রচারণা ও জঙ্গি তৎপরতা চালানোর ভিডিও ক্লিপস দেখত ও নিষিদ্ধ ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতো।”
এসব দেখে ২০১২’র ডিসেম্বর থেকে তারা শারীরিক প্রশিক্ষণ নিয়ে খুন করার কৌশল রপ্ত করতো বলে জানিয়েছে সিনহুয়া।
এই গোষ্ঠীটি বিস্ফোরক পরীক্ষা করে বোমা তৈরি করেছে এবং দূরনিয়ন্ত্রক তৈরি করে কাশগড়ের জনবহুল এলাকায় “বড় কিছু ঘটানোর” পরিকল্পনা করেছে।
“২৩ এপ্রিল গোষ্ঠীটির সদস্যরা বোমা বানানোর সময় স্থানীয় পুলিশ ও সমাজকর্মীদের হাতে ধরা পড়লে রক্তক্ষয়ী দাঙ্গা শুরু হয়,” প্রকাশিত প্রতিবেদনে বলা হয়।
চীনের জননিরাপত্তা সংক্রান্ত উপমন্ত্রী মেঙ হঙ্গউয়ি জানিয়েছেন, পুলিশ হাতে তৈরি বোমা, অন্যান্য অস্ত্র ও সিনজিয়াংয়ের ‘পূর্ব তুর্কিস্তান’ পতাকা উদ্ধার করেছে।
উইগুরের বেশিরভাগ বাসিন্দাই তুর্কি ভাষী মুসলিম জনগোষ্ঠী। তারা নিজেদের ভাষা, সংস্কৃতি ও ধর্মের ওপর চীনা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ আরোপের বিরোধিতা করে আসছে।
অপরদিকে চীনের দাবি, নিজ ভাষা, সংস্কৃতি ও ধর্ম পালনে উইগুরদের অবাধ স্বাধীনতা দেওয়া হয়েছে।
