২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আস্থা ভোটে জয় ইতালির নতুন সরকারের

প্রথম আস্থা ভোটে জয় পেয়েছে নতুন প্রধানমন্ত্রী এনরিকো লেত্তার নেতৃত্বাধীন ইতালির নবগঠিত জোট সরকার।

রয়টার্স

.

রয়টার্স

Published : 30 Apr 2013, 06:24 AM

Updated : 23 Aug 2022, 10:40 AM

সোমবার ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষে ওই আস্থা ভোট অনুষ্ঠিত হয়।

ইউরোপীয় ইউনিয়নের কৃচ্ছতা নীতির পরিবর্তে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্ম সংস্থানের নীতি গ্রহণ করার জন্য চাপ প্রয়োগ করবেন, সরকার গঠন করে এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন লেত্তা।

আস্থা ভোটে উতরে যাওয়ায় তার এ প্রতিশ্রুতিতে পার্লামেন্ট সদস্যরা আস্থা রেখেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

ফেব্রুয়ারি নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে ইতালিতে প্রায় দুই মাস ধরে রাজনৈতিক অচলাবস্থা বিরাজ করে। বামপন্থী, ডানপন্থী ও প্রচলিত বিধি-ব্যবস্থা বিরোধীদলের মধ্যে পার্লামেন্টের আসন ভাগাভাগি হয়ে যাওয়ায় এই অচলাবস্থা সৃষ্টি হয়।

শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া মধ্য-বামপন্থী ডেমক্রেটিক পার্টি (পিডি), সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির মধ্য-ডানপন্থী পিপলস ফ্রিডম পার্টি (পিডিএল) ও সাবেক প্রধানমন্ত্রী মারিও মোন্তির মধ্যপন্থী দলের মধ্যে রাজনৈতিক সমঝোতায় জোট সরকার গঠনের মধ্য দিয়ে রাজনৈতিক অচলাবস্থার অবসান হয়।

বাম-ডানের সমন্বয়ে গঠিত জোট সরকার প্রত্যাশামতো সহজেই পার্লামেন্টের আস্থা ভোটে জয় পেয়েছে। পার্লামেন্টের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিসে অনুষ্ঠিত এ আস্থা ভোটে সরকার পক্ষে ৪৫৩ ভোট পড়ে, আর বিপক্ষে পড়ে ১৫৩ ভোট।

ভোট গ্রহণে লেত্তার নতুন সরকারের পক্ষে ভোট দেয় পিডি, পিডিএল ও মোন্তির নেতৃত্বাধীন মধ্যপন্থীরা সদস্যরা। মঙ্গলবার সিনেটে দ্বিতীয় আস্থা ভোটে জয় পেলে নতুন সরকারের নিয়মতান্ত্রিক বৈধতা পূর্ণ হবে।