২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭ জন ছাড়া কায়েসং ছাড়ল সব দক্ষিণ কোরীয় কর্মী

দক্ষিণ কোরিয়ার সর্বশেষ ৫০ জন কর্মী সোমবার যৌথ শিল্প এলাকা কায়েসং ছেড়ে চলে যাওয়ার আগে শেষ মুহূর্তের চেকিং এর জন্য ৭ কর্মীকে আটকে রেখেছে উত্তর কোরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2013, 03:03 PM

Updated : 23 Aug 2022, 10:40 AM

ওই কর্মীদের কর এবং বকেয়া মজুরির বিষয়টি নিয়ে কথাবার্তা বলার জন্য তাদেরকে আটকে রাখা হয়।

শনিবার কায়েসং ছেড়ে চলে যায় দক্ষিণ কোরিয়ার মোট ১২৫ কর্মী।বাদবাকী ৫০ জনের চলে যাওয়ার কথা ছিল সোমবারই এবং দক্ষিণ কোরিয়া ইতোমধ্যেই জানিয়েছে যে ৭ জন ছাড়া বাকী সব কর্মীই দেশে ফিরেছে।বিবিসি এ খবর জানায়।

ওই ৭ কর্মীর ৮ জিএমটিতে তেই দক্ষিণ কোরিয়ায় রওনা হওয়ার কথা থাকলেও তাদের ব্যাপারে বিস্তারিত খোঁজ খবর নেয়ার জন্য বিলম্ব করানো হচ্ছে।

তবে এ ৭ কর্মী কোনো ঝুঁকির মুখে নেই বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা।কিন্তু তাদেরকে দেরী করানোর বিষয়টি নতুন করে আরেক জটিলতা সৃষ্টি করতে পারে বলে তারা মন্তব্য করেছেন।

“উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ায় ফেরার পথে থাকা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে এক বিবৃতিতে আশ্বস্ত করায় আমরা মনে করছি না যে কর্মীরা ঝুঁকিতে আছেন। তবে তারা সবাই ফিরে না আসা পর্যন্ত আমরা পরিস্থিতি গভীরভাবে নজরে রাখব।” বলেন, দক্ষিণ কোরিয়ার এক সরকারি কর্মকর্তা।

দুই কোরিয়ার মধ্যে সৃষ্ট উত্তেজনার পরিপ্রেক্ষিতে এ মাসে উত্তর কোরিয়া কায়েসং থেকে তাদের ৫৩ হাজার কর্মী প্রত্যাহার করে নেয়। দক্ষিণ কোরিয়ার কর্মীদেরও ওই এলাকায় প্রবেশ এবং বিভিন্ন সরবরাহ নিষিদ্ধ করে উত্তর কোরিয়া।

এরপর কায়েসং শিল্প এলাকা পুনরায় চালু করার জন্য দক্ষিণ কোরিয়া সরাসরি আলোচনায় বসার প্রস্তাব দেয় উত্তর কোরিয়াকে। কিন্তু উত্তর কোরিয়া সে প্রস্তাবে রাজি না হওয়ার কারণে দক্ষিণ কোরিয়া তাদের অবশিষ্ট সব কর্মীদের কায়েসং থেকে ফিরিয়ে নিতে শুরু করেছে।