২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় হস্তক্ষেপের জন্য ওবামার ওপর সিনেটরদের চাপ

সিরিয়ার গৃহযুদ্ধে হস্তক্ষেপ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার ওপর চাপ সৃষ্টি করছেন বিরোধী রিপাবলিকান দলীয় সিনেটররা। সিরিয়ার বিমান ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি জানিয়েছেন তারা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 29 Apr 2013, 09:28 AM

Updated : 23 Aug 2022, 10:40 AM

রোববার সিবিএস নিউজ চ্যানেলের ‘জাতীর মুখোমুখি’ অনুষ্ঠানে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম ও ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সিনেটর জন ম্যাককেইন এসব দাবি জানান।

তবে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের স্থলবাহিনী পাঠানো উচিত হবে না বলে মত প্রকাশ করেন তারা।

সিরিয়ার বিদ্রোহীদের বিরুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী রাসায়নিক অস্ত্র ব্যবহার করে থাকতে পারে, গত সপ্তাহে ওবামা প্রশাসনের এমন মন্তব্যের পর সিরিয়ার বিদ্রোহীদের জন্য আরো বেশি কিছু করার জন্য রাজনীতিবিদদের পক্ষ থেকে হোয়াইট হাউজের ওপর চাপ বাড়তে থাকে।

অনুষ্ঠানে সিনেটর গ্রাহাম বলেন, “সিরিয়ার আকাশে সরকারী বাহিনীর আধিপত্য খর্ব করে দিলে বিদ্রোহীরা দ্রুত যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারবে।”

“সিরিয়ার বিমান ঘাঁটিগুলোতে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে সিরিয়ার বিমান বাহিনীকে উড্ডয়ন থেকে বিরত রাখা যায়,” বলেন গ্রাহাম।

অপরদিকে রিপাবলিকান সিনেটর ম্যাককেইন বলেন, “আমরা প্যাট্রিয়ট মিসাইল ব্যাটারি ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারি।”

তিনি সিরিয়ার রাসায়নিক অস্ত্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য “আন্তর্জাতিক বাহিনী”কে সিরিয়া পাঠানো যেতে পারে বলে মন্তব্য করেন।

গত দুই বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে এ পর্যন্ত প্রায় ৭০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।