পুনরায় যাত্রী পরিবহনে জাপানের অনুমোদন পাচ্ছে ড্রিমলাইনার
যুক্তরাষ্ট্রের বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং-এর ৭৮৭ ড্রিমলাইনার মডেলের বিমানগুলোকে পুনরায় বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহনের অনুমতি দিয়ে জাপানি সরকার একটি কারিগরি নির্দেশনা জারি করবে। দেশটির পরিবহনমন্ত্রী শুক্রবার এ কথা জানিয়েছেন।
বোয়িংয়ের ড্রিমলাইনারগুলোতে নতুন লিথিয়াম-আয়ন ব্যাটারি সিস্টেম সংযুক্ত করার পর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান উড্ডয়ন প্রশাসন বৃহস্পতিবার এই মডেলের বিমানগুলোকে উড্ডয়নের অনুমোদন দেয়।
এরফলে তিনমাস পর ৭৮৭ ড্রিমলাইনারগুলো আবারো বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন শুরু করতে পারবে।
এরআগে চলতি বছরের ১৬ জানুয়ারি জাপানের আভ্যন্তরীণ বিমান চলাচল পথে এএনএ’র একটি ড্রিমলাইনার যান্ত্রিক ত্রুটি কারণে জরুরি অবতরণে বাধ্য হওয়ার পর জাপানের অল নিপ্পন এয়ারওয়েজ (এএনএ) তাদের বিমান বহর থেকে ১৭টি বোয়িং ৭৮৭ ’র সবগুলো প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেয়। পাশাপাশি জাপান এয়ারলাইন কর্পোরেশনও তাদের বিমান বহর থেকে ওই মডেলের বিমানগুলো প্রত্যাহার করে নেয়।
জাপানের এই দুটি বিমান সংস্থা যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা কোম্পানি বোয়িংয়ের নতুন বিমান বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের সবচেয়ে বড় ক্রেতা। বোয়িংয়ের সরবরাহকৃত ৫০টি ড্রিমলাইনার বিমানের প্রায় অর্ধেক কিনেছে এই দুটি জাপানি বিমান সংস্থা।
সরবরাহ করার পর থেকেই বোয়িংয়ের ড্রিমলাইনার বিমানগুলোতে একটার পর একটা সমস্যা ধরা পড়ে। সর্বাধুনিক এই যাত্রীবাহী বিমানগুলো প্রধানত কার্বনের তৈরি। বিশ্বে এগুলোই প্রথম এ ধরণের বিমান।
সরবরাহের পর থেকেই বিমানগুলোর কোনটির জ্বালানি পথে ছিদ্র আবিষ্কৃত হয়, কোনটির ব্যাটারিতে আগুন ধরার ঘটনা ঘটে, বৈদ্যুতিক তারের সমস্যা ধরা পড়ে, কম্পিউটারে সমস্যা, ককপিটে ফাটল ইত্যাদি একের পর এক বিপত্তি ঘটে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে বোয়িং তাদের নতুন ৭৮৭ ড্রিমলাইনার বিমান সরবরাহ স্থগিত করে। ব্যাটারি সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আর এই মডেলের বিমান সরবরাহ করা হবে না বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়।
এক ইমেইল বার্তায় যুক্তরাষ্ট্রভিত্তিক এই বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান জানায়, তারা বিমান নির্মাণ অব্যাহত রাখবে কিন্তু যুক্তরাষ্ট্রের বিমান উড্ডয়ন নিরাপত্তা বিষয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুমোদন না পাওয়া পর্যন্ত তারা কোনো বিমান সরবরাহ করবে না।
বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারগুলোতে ক্রমাগত যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান পরিচালনা সংস্থাও তাদের বিমান বহর থেকে ওই বিমান প্রত্যাহার করে নেয়।
উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান উড্ডয়ন প্রশাসন (এফএএ) ড্রিমলাইনারের সমস্যা সংক্রান্ত তদন্তে যোগ দেয়।
বোয়িং-এর সরবরাহকৃত নতুন মডেলের ৫০টি ৭৮৭ ড্রিমলাইনার বিমানের উড্ডয়নই স্থগিত করা হয়।
প্রাতিষ্ঠানির গ্রহণযোগ্যতা ধরে রাখার লক্ষ্যে ইমেইলবার্তায় বোয়িং জানায়, “আমরা ৭৮৭ আর সরবরাহ করবো না, যতদিন না এফএএ (ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন)তা অনুমোদন না করবে। সম্প্রতি আমাদের সরবরাহ করা এই মডেলের বিমানে ব্যাটারি বিষয়ক যেসব সমস্যার কথা উল্লেখ করা হয়েছে তা তদন্ত করে দেখে সমাধান করার পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী রে লেহুদ এরআগে বলেছিলেন, নিরাপত্তার বিষয়ে ১০০০ শতাংশ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত ড্রিমলাইনার আর আকাশে উড়বে না।
১৯৭৯ সালের পর সাম্প্রতিক সপ্তাগুলোতে একগাদা অভিযোগের মুখে বোয়িং-এর নতুন মডেলের ৭৮৭ ড্রিমলাইনার বিমানগুলোকে বিমান চলাচল বহর থেকে সরিয়ে নেয়া হল।
তবে শুরু থেকেই বোয়িং দাবি করে আসছে, ৭৮৭ ড্রিমলাইনারগুলোতে কোনো ত্রুটি নেই। কিন্তু একগাদা যান্ত্রিক ত্রুটির অভিযোগের ফলে বোয়িং ৭৮৭’র ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন দেখা দেয়।
কিন্তু যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান উড্ডয়ন প্রশাসন (এফএএ) ড্রিমলাইনারের ব্যাপারে আপত্তি তুলে নেওয়ায় জাপান সরকারও এই মডেলের বিমানগুলোকে পুনরায় যাত্রী পরিবহনে উড্ডয়নের সিদ্ধান্ত দিতে যাচ্ছে।
