ইরাকে সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ৫০
ইরাকের উত্তরাঞ্চলীয় শহর মসুলে বৃহস্পতিবার সহিংসতায় অন্ততপক্ষে ৫০ জন নিহত হয়েছে। ২০১১ সালের ডিসেম্বরে দেশটি থেকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী চলে যাওয়ার পর তিনদিন ধরে চলমান ভয়াবহ সহিংসতায় শতাধিক মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার থেকে এই সহিংসতা শুরু হয়। দেশটির পশ্চিম ও উত্তরাঞ্চলে সুন্নি বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সহিংসতায় নিহতের এই ঘটনা ঘটে।
ডিসেম্বর থেকে সুন্নি মুসলিম বিক্ষোভকারীরা শিয়া নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ এনে আন্দোলন-বিক্ষোভ শুরু করে।
যুক্তরাষ্ট্রের আগ্রাসনে দেশটির সাবেক একনায়ক সাদ্দাম হোসেনের পতনের পর ভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ শিয়া মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরা ক্ষমতায় আসে।
শিয়া প্রধানমন্ত্রী নুরি আল মালিকির জোট দেশটির ১২টি প্রদেশের ৮টিতে নেতৃত্ব দিচ্ছে। বাকি প্রদেশগুলোতে চলতি সপ্তাহেই নির্বাচন অনুষ্ঠিত হয় যার প্রাথমিক ফলাফল বৃহস্পতিবার জানা যায়।
৮৭ শতাংশ ভোটের ফলাফলে দেখা যাচ্ছে মালিকির জোট শক্ত অবস্থানে রয়েছে। এরফলে ২০১৪ সালে অনুষ্ঠিতব্য দেশটির পার্লামেন্ট নির্বাচনে মালিকি সংখ্যাগরিষ্ঠের একটি সরকার গঠনের আভাস দিয়েছেন।
ইরাকের রাজনীতি শিয়া, সুন্নি মুসলিম ও গোত্রগত কুরদিদের মধ্যে ক্ষমতার ভাগাভাগি নিয়ে বিভক্তি ও অসন্তোষ রয়েছে।
রাজধানী বাগদাদের ২৪০ মাইল উত্তরের শহর মসুলের পশ্চিমাঞ্চলীয় অংশবিশেষ বুধবার রাতে অস্ত্রধারীরা দখলে নেয়। ওই সময় মসজিদের মাইক ব্যবহার করে সুন্নিদের ওই লড়াইয়ে যোগ দেওয়ার জন্য উস্কে দেয়া হয়।
সেনাসূত্র জানিয়েছে, পুলিশের একটি কেন্দ্রীয় দপ্তর জঙ্গিরা দখল করে নেয় এবং ১৭ জনকে জিম্মি করে। কিন্তু এরপর অভিযান চালিয়ে ওই দপ্তরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা হয়। এতে ৩১ জঙ্গি নিহত হয়েছে।
সন্ত্রাসীরা বুধবার সারারাতে বাগদাদের ১শ’ মাইল উত্তরের শহর সুলাইমান প্যাক শহরের দখলও নিয়েছিল। কিন্তু সরকারী বাহিনী ট্যাঙ্ক দিয়ে ওই শহর ঘিরে ফেলে এবং বিদ্রোহীদের অস্ত্র ত্যাগ করে চলে যাওয়ার জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেয়। আর তা মানা না হলে হামলার হুমকি দেয় তারা।
এ সময় কিরকুক থেকে বাগদাদের মহাসড়ক বন্ধ করে দেয়া হয়।
টেলিভিশনে দেয়া এক ভাষণে মালিকি হুঁশিয়ার করে বলেন, ইরাক অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হয়েছে। তিনি ধর্মীয় ও গোত্রীয় নেতাদের এই পরিস্থিতিতে সবাইকে শান্ত হতে আহ্বান জানাতে বলেন। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের পরিস্থিতি দেশকে খাদের কিনারে নিয়ে যাবে।
বাগদাদের ৩০ মাইল পশ্চিমের শহর ফালুজায়ও সহিংসতার খবর পাওয়া গেছে। জঙ্গিরা একটি কেন্দ্রীয় পুলিশ দপ্তরে হামলা চালালে সহিংসতা ছড়িয়ে পড়ে। তবে সেখানকার ক্ষয়ক্ষতির কোনো হিসাব জানা যায়নি।
নাজাফের কেন্দ্রীয় অঞ্চলে একটি গাড়িবোমা হামলায় ৩ জন নিহত হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
এরআগে মঙ্গলবার ইরাকের উত্তরাঞ্চলে সুন্নি আরব বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ২০ জনেরও বেশি মানুষ নিহত হয়।
ইরাকের কিরকুকের কাছে হাউয়িজায় সরকারবিরোধী প্রতিবাদ শিবিরে নিরাপত্তা বাহিনী অভিযান চালালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
দেশটির মন্ত্রিসভার দুই সুন্নি মন্ত্রী নিরাপত্তা বাহিনীর অভিযানের প্রতিবাদে পদত্যাগ করেন।
সরকার বৈষম্য করছে দাবি করে প্রধানমন্ত্রী নুরি আল মালিকির বিরুদ্ধে সুন্নি অধ্যুষিত অঞ্চলে লাখো সুন্নি মুসলিম আন্দোলন-বিক্ষোভ করছে।
কিন্তু এ অভিযোগ প্রত্যাখ্যান করে সরকার এই বিক্ষোভের পেছনে জঙ্গি গোষ্ঠীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছে।
