২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাসায়নিক অস্ত্র : ইসরায়েলি অভিযোগে একমত নয় যুক্তরাষ্ট্র

বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়া সরকার নার্ভ গ্যাস জাতীয় রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে বলে এক ইসরায়েলি শীর্ষ সামরিক কর্মকর্তার মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছে যুক্তরাষ্ট্র।

রয়টার্স

.

রয়টার্স

Published : 24 Apr 2013, 07:50 AM

Updated : 23 Aug 2022, 10:38 AM

মঙ্গলবার ইসরায়েলের সামরিক বাহিনীর শীর্ষ গোয়েন্দা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল ইতাই ব্রান সিরীয় বাহিনী নার্ভ গ্যাস ব্যবহার করেছে বলে এক নিরাপত্তা সম্মেলনে মন্তব্য করেন।

ইসরায়েলি সামরিক কর্মকর্তার এই মন্তব্যে যুক্তরাষ্ট্র সন্দিগ্ধ মনোভাব প্রকাশ করেছে। সিরিয়া বিদ্রোহীদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে হস্তক্ষেপ করবে বলে যুক্তরাষ্ট্র আগেই সতর্ক করেছিল।

রাসায়নিক অস্ত্রের ব্যবহারকে “রেড লাইন” হিসেবে চিহ্নিত করে তা অতিক্রম করলে যুক্তরাষ্ট্র সহ্য করবে না বলে হুঁশিয়ারি জানিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা।

ইতাই ব্রানের মন্তব্যের বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। এরপর ব্রানের মন্তব্যকে, “নিশ্চিত হওয়ার মতো নয়” বলে জানিয়েছেন কেরি।

বেলিজিয়ামের রাজধানী ব্রাসেলসে সাংবাদিকদের কেরি বলেন, “ঘটনা আসলে কি তা আমি জানি না।”

সোমবার ইসরায়েল সফররত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল বলেছিলেন, সিরিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে কিনা তা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো খতিয়ে দেখছে।

কেরি ও ব্রানের মন্তব্য নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাতে অস্বীকার করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর। ।

“পেশাগত দক্ষতা থেকে আমরা যতটুকু বুঝি, সেখানে রাসায়নিক মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে। কোন রাসায়নিক অস্ত্র? সম্ভবত সারিন,” তেল আবিব বিশ্ববিদ্যালয়ের জাতীয় নিরাপত্তা গবেষণা ইন্সটিটিউটে দেয়া এক ভাষণে এ মন্তব্য করেন ব্রান।

“সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে গত কয়েকমাসে আসাদ অনুগত বাহিনী এটি বেশ কয়েকবার ব্যবহার করেছে, এর মধ্যে আলোচিত ১৯ মার্চের হামলাও আছে,” বলেন তিনি।

গত মাসের ওই হামলায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে সিরীয় সরকার ও বিদ্রোহীরা পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তোলে।

ব্রানের এই মন্তব্যে সিরিয়া বিষয়ে আন্তর্জাতিক উদ্বেগ আরো গভীর হবে বলে মনে করেন বিশ্লেষকরা।

সিরিয়ার রাসায়নিক অস্ত্র হামলার হুমকী থেকে যুক্তরাষ্ট্রের মিত্রদের রক্ষা করতে ন্যাটোর প্রস্তুতি কতটা বাস্তবানুগ তা বিবেচনা করা প্রয়োজন বলে মঙ্গলবার অপর একটি বক্তব্যে মন্তব্য করেন কেরি।