২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫৬ রাজবন্দিকে মুক্তি দিল মিয়ানমার

ইইউ নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরপরই মঙ্গলবার প্রায় ১শ’ বন্দির জন্য ক্ষমা ঘোষণা করেছেন মিয়ানমারের প্রেসিডেন্ট থিয়েন সেইন।এর মধ্যে ৫৬ জনই রাজনৈতিক বন্দি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 23 Apr 2013, 01:53 PM

Updated : 23 Aug 2022, 10:37 AM

বন্দিমুক্তির এ খবর জানিয়েছেন এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা।আর এদের মধ্যে রাজবন্দিদের সংখ্যাটি নিশ্চিত করেছে মিয়ানমারের জেলে আটক বন্দিদের তদারককারী একটি গোষ্ঠী।


সংস্কার কর্মসূচির আওতায় প্রেসিডেন্ট থিয়েন সেইনের রাজবন্দিদের ক্ষমা ঘোষণা করে মুক্তি দেয়ার পদক্ষেপের ধারাবাহিকতায় এটিই সর্বশেষ উদ্যোগ।


মিয়ানমারের সংস্কার কর্মসূচিতে উৎসাহিত হয়ে ইউরোপীয় ইউনিয়ন সোমবার দেশটির ওপর থেকে কেবলমাত্র অস্ত্র নিষেধাজ্ঞা ছাড়া অন্য সব নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর এ উদ্যোগ এল।


‘অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজোনারস’(এএপিপি)র কর্মকর্তা বো কি রয়টার্সকে বলেন, গ্রুপটি মিয়ানমারের ৫ টি জেল থেকে ৫৬ জন রাজবন্দির মুক্তির খবর নিশ্চিত করে জানিয়েছে।এএপিপি’র হিসাবমতে, এখন বাকি রয়েছে আর মাত্র ১৭৬ জন বন্দি।


এর আগে ২০১১ সালের মে এবং ২০১২ সালের নভেম্বরের মধ্যে সাধারণ ক্ষমার আওতায় মিয়ানমারে মুক্তি পেয়েছে ৮শ’রও বেশি রাজবন্দি।


তবে যুক্তরাজ্যে মিয়ানমার বিষয়ক প্রচারাভিযানের পরিচালক মার্ক ফার্মানের বলেছেন, দেখা যাচ্ছে, আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো ঘটনার(নিষেধাজ্ঞা উঠে যাওয়া কিংবা উচ্চপদস্থ বিদেশি কর্মকর্তাদের সফর)ক্ষেত্রে মিয়ানমার সরকার কিছু রাজবন্দিকে মুক্তি দিচ্ছে।কিন্তু অবিলম্বে সব রাজবন্দিকে মুক্তি দিচ্ছে না।রাজবন্দিদের আটক রাখার সব আইনও এখন পর্যন্ত বহাল আছে।


মিয়ানমারের সংস্কার পদক্ষেপে উৎসাহিত হয়ে ইইউ সোমবার দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেও মানবাধিকার সংস্থাগুলো এর বিরোধিতা করেছে।মিয়ানমারে এখনো রাজবন্দি রয়ে যাওয়া, রাখাইন রাজ্যে মুসলিমদের দুর্ভোগ এবং মানবাধিকারের চলমান অপব্যাবহারের বিষয়টিকে আমলে না নিয়েই ইইউ’র নিষেধাজ্ঞা তুলে নেয়ার পদক্ষেপের সমালোচনা করেছে হিউম্যান রাইটস ওয়াচ(এইচআরডব্লিউ)।