কানাডায় সন্ত্রাসী পরিকল্পনায় সংশ্লিষ্টতা নাকচ ইরানের
কানাডায় যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত করার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ নাকচ করেছে ইরান।
সোমবার টরেন্টো থেকে নিউ ইয়র্কগামী ট্রেন লাইনচ্যুত করার পরিকল্পনার অভিযোগে টরেন্টো এবং মন্ট্রিয়েল থেকে দুই বিদেশিকে আটক করার পর কানাডা সরকার বলেছে- “আটক ব্যক্তিদের সঙ্গে ইরানের আল-কায়েদা গোষ্ঠীর সম্পর্ক আছে।”
ইরান ভিত্তিক আলকায়দা সংগঠন টরেন্টো শহরে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত করার পরিকল্পনাটির সমর্থন যোগায় বলে অভিযোগ করে কানাডা।তবে তারা এ অভিযোগের প্রমাণ দিতে পারে নি।
ইরানের পররাষ্ট্র্র মন্ত্রী আলি আকবর সালেহি কানাডার ওই অভিযোগ উদ্ভট বলে মন্তব্য করেছেন।কানাডা কর্তৃপক্ষ আরো যৌক্তিকভাবে এ বিষয়ে চিন্তা করবে এমনটিই আশা করছেন বলে জানান তিনি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রমিন মেহমানপারাস্তও এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন এবং আল-কায়েদা গোষ্ঠীর সঙ্গে ইরানের কোনোরকম সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন।তাছাড়া, ইরান যে কোনো সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে বলেও জানান তিনি।
সন্ত্রাসী ওই চক্রান্তের হোতা হিসেবে আটককৃত দুই জন হলেন, ৩০ বছর বয়সী চিহেব ইজিঘের এবং ৩৫ বছর বয়সী রায়েদ জাসের। মঙ্গলবার টরেন্টোর একটি আদালতে তাদের শুনানি হওয়ার কথা রয়েছে।
তারা কানাডার নাগরিক নয় বলে জানানো হয়েছে।তবে গ্রেপ্তারকৃতদের একজন তিউনিসিয়ার নাগরিক বলে জানিয়েছে তদন্ত অনুসরনকারী দুটি সূত্র।
কানাডার এ ঘটনার সাথে বস্টন হামলার কোন সম্পর্ক নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ। গ্রেপ্তারকৃতরা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও কানাডার টরেন্টোর মধ্যে চলাচলকারী একটি ট্রেন লাইন লাইন লক্ষ্য করে হামলাটি চালানোর পরিকল্পনা করা হয়েছিল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
