২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু অস্ত্রধারী রাষ্ট্রের স্বীকৃতি চায় উত্তর কোরিয়া

চলতি মাসে হোয়াইট হাউজের এক কর্মকর্তা বলেছিলেন, আলোচনা অর্থপূর্ণ করতে নিজের আন্তরিকতা তুলে ধরতে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রের উচ্চাশা বাদ দিতে হবে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 23 Apr 2013, 09:04 AM

Updated : 23 Aug 2022, 10:37 AM

যুক্তরাষ্ট্রের আলোচনার শর্ত প্রত্যাখ্যান করে পরমাণু অস্ত্রধারী রাষ্ট্রের স্বীকৃতি দাবি করেছে উত্তর কোরিয়া। আলোচনায় বসতে পরমাণু অস্ত্র নির্মাণ কর্মসূচী ত্যাগ করার শর্ত দিয়েছিল যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার উত্তর কোরিয়ার রোদঙ সিনমুন সংবাদপত্রে এ দাবী জানানো হয়।

উত্তর কোরিয়ার পরমাণু যুদ্ধ শুরু করার হুমকিসহ কোরীয় উপদ্বীপে বিরাজমান কয়েক সপ্তাহের তীব্র উত্তেজনার পর সম্প্রতি কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সংলাপে বসার আহ্ববানের বিষয়ে কিছুটা নমনীয় মনোভাব গ্রহণ করেছে।

পুনরায় আলোচনা শুরু করার শর্ত হিসেবে পারমাণবিক অস্ত্র ত্যাগ ও মিসাইল উৎক্ষেপণ পরিকল্পনা থেকে সরে আসতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার দাবীকে ভিত্তিহীন ও অগ্রহণযোগ্য মন্তব্য করে প্রত্যাখ্যান করে রোদঙ সিনমুন।

রাষ্ট্রের পক্ষ থেকে রোদঙ সিনমুন বলে, “যদি ডিপিআরকে (ডেমক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া) যুক্তরাষ্ট্রের সঙ্গে এক টেবিলে বসে, তবে সংলাপ পরমাণু অস্ত্রধারী দুটি দেশের মধ্যে হবে, এক পক্ষ আরেক পক্ষকে পরমাণু অস্ত্র পরিত্যাগের জন্য জোর করছে এমন হবেনা।”

চলতি মাসে হোয়াইট হাউজের এক কর্মকর্তা বলেছিলেন, আলোচনা অর্থপূর্ণ করতে নিজের আন্তরিকতা তুলে ধরতে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রের উচ্চাশা বাদ দিতে হবে।

পরমাণু অস্ত্র কর্মসূচী থেকে সরে আসার শর্তে ২০০৫ সালে এক সহায়তা চুক্তিতে স্বাক্ষর করেছিল উত্তর কোরিয়া, কিন্তু পরবর্তীতে ওই চুক্তি থেকে সরে আসে দেশটি।

নিজের পরমাণু অস্ত্রকে “মূল্যবান তরবারি” দাবী করে এটি কখনোই পরিত্যাগ করা হবে না বলে জানিয়েছে উত্তর কোরিয়া।

ফেব্রুয়ারিতে দেশটি তৃতীয় পরমাণু বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায়।

এর পরিপ্রেক্ষিতে উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘ নতুন নিষেধাজ্ঞা আরোপ করলে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্রের হামলার হুমকি দেয় উত্তর কোরিয়া। এরপর থেকে পরবর্তী কয়েক সপ্তাহ পুরো কোরীয় উপদ্বীপ জুড়ে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।