দিল্লির শিশু ধর্ষণের ঘটনায় আরেকজন গ্রেপ্তার
পাঁচ বছরের এক শিশুকে অপহরণের পর ৪০ ঘণ্টা আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোমবার দ্বিতীয় আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ।
এছাড়া যৌন সহিংসতার ব্যাপকতায় সৃষ্ট গণঅসন্তোষের জেরে বিরোধীদলীয় সদস্যদের হট্টগোলে ভারতীয় পার্লামেন্টের কার্যক্রম বিঘ্নিত হয়েছে।
ধর্ষণের ঘটনা নিয়ে আলোচনার দাবিতে লোকসভার নিম্নকক্ষের বিরোধীদলীয় সদস্যরা হৈ চৈ শুরু করলে অধিবেশন দুইবার মুলতবি করা হয়।
সোমবার দিনের দ্বিতীয়ার্ধে লোকসভার উচ্চকক্ষে নারীর বিরুদ্ধে সহিংসতা নিয়ে একটি বিতর্ক হওয়ার কথা রয়েছে।
এর আগে রোববার দিল্লির ওই ঘটনায় পুলিশ সন্দেহভাজন এক যুবককে বিহার থেকে গ্রেপ্তার করেছিল, যে ওই মেয়েটির প্রতিবেশী।
সন্দেহভাজন দ্বিতীয় জনকে সোমবার সকালে বিহারে এক আত্মীয়র বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ কর্মকর্তা রাজিব মিশ্র জানিয়েছেন।
মিশ্র বলেন, “রাত ১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে ধরার জন্য দিল্লি পুলিশ ও স্থানীয় পুলিশ যৌথ অভিযান চালায়।
পুলিশ জানিয়েছে, গত ১৫ এপ্রিল দিল্লির গান্ধী নগরে শিশুটিকে অপহরণের পর দুদিন আটকে রেখে নির্যাতন চালায় দুই ধর্ষণকারী। বুধবার সন্ধ্যায় ওই বাড়ির নিচতলা থেকে প্রতিবেশী ও পরিবারের সদস্যরা মেয়েটিকে উদ্ধার করে।
এই একই ভবনে নির্যাতিত শিশুটি তার পরিবারের সঙ্গে বসবাস করতো। কান্নার শব্দ শুনে অপহরণের দুইদিন পরে তাকে উদ্ধার করা হয় বলে প্রতিবেশীরা জানিয়েছে।
দিল্লিতে চলন্ত বাসে এক তরুণীকে ধর্ষণের ঘটনার চার মাস পর শিশু নির্যতনের এ ঘটনায় শুক্রবার থেকে আবারো ক্ষোভে উত্তাল হয়ে ওঠে দিল্লি। শুক্রবার বিক্ষোভকারী এক তরুণীকে এক পুলিশ কর্মকর্তার চড় মারার ভিডিও প্রকাশ হওয়ার পর বিক্ষোভ নতুন মাত্রা পায়।
বিক্ষোভকারীদের অভিযোগ, অপহৃত হওয়ার পর পুলিশ মেয়েটিকে উদ্ধারের কোনো চেষ্টাই করেনি, বরং প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার করা পর পুলিশ ঘুষ দিয়ে পরিবারের মুখ বন্ধ করার চেষ্টা করেছে।
বিক্ষোভকারীরা সোমবার চতুর্থদিনের মতো ব্যাপক বিক্ষোভ করার পরিকল্পনা করেছে। রোববার শীর্ষ ভারতীয় নেতাদের বাসভবন অভিমুখে বিক্ষোভকারীদের মিছিল ঠেকাতে পুলিশকে হিমশিম খেতে হয়।
তাই নিরপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে দিল্লি জুড়ে প্রচুর পুলিশ মোতায়েন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিক্ষোভকারীরা দিল্লি পুলিশ প্রধানের পদত্যাগ দাবী করেছে।
রোববার ভারতের আরো কয়েকটি জায়গায় শিশুদের ওপর আক্রমণ চালানো হয়েছে বলে গণমাধ্যমে প্রকাশিত খবর সূত্রে জানা গেছে।
আসামে নয় বছরের এক শিশুকে গনধর্ষণের পর তার গলা কেটে হত্যার চেষ্টা করা হয়।
নির্যাতিত শিশুটির নাম প্রকাশ করা না হলেও ভারতীয় গণমাধ্যমে তাকে “গুদিয়া” হিসেবে চিহ্নিত করা হচ্ছে। হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, অস্ত্রোপচারের পর সোমবার তার শারীরিক অবস্থা অনেকটা ভালো আছে।
