থ্যাচারকে শেষ বিদায়
‘লৌহমানবী’খ্যাত যুক্তরাজ্যের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারকে শ্রদ্ধা-ভালোবাসা ও আড়ম্বরপূর্ণ শেষকৃত্যের মধ্যে দিয়ে বিদায় জানিয়েছে লল্ডন। গত প্রায় অর্ধ শতাব্দিতে আর কোনো রাজনৈতিক নেতার এত বড় শেষকৃত্য করা হয়নি।
রানি দ্বিতীয় এলিজাবেথ, তাঁর স্বামী প্রিন্স ফিলিপ ও মন্ত্রিসভার সব সদস্যরাসহ বিশ্বের ১৭০ টি দেশ থেকে প্রায় দুই হাজারের বেশি অতিথি এ বুধবারের এ অনুষ্ঠানে যোগ দেন।
সকালে পার্লামেন্ট ভবন থেকে জাতীয় পতাকায় মোড়ানো সাদা ফুলের তোড়া সজ্জিত থ্যাচারের কফিন সেন্ট পল’স ক্যাথেড্রালে পৌঁছলে তাকে শেষ শ্রদ্ধা জানান রানিসহ উপস্থিত সব গণমান্য ব্যক্তিরা।এরপর প্রার্থনা শুরু করেন লন্ডনের বিশপ।
‘রাজনৈতিক বিতর্কের উত্তপ্ত জীবনযাপনের পর থ্যাচার এখন শান্তিতে ঘুমচ্ছেন’, প্রার্থনায় বলেন বিশপ।ওদিকে, প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এ শেষকৃত্যকে মহান এক প্রধানমন্ত্রীর জন্য যথপোযুক্ত আয়োজন বলে বর্ণনা করেন।
নিরাপত্তা ব্যবস্থা হিসাবে লন্ডনের কেন্দ্রস্থলে মোতায়েন করা হয় প্রায় ৪ হাজার পুলিশ।শেষকৃত্যকে ঘিরে কোথাও কোথাও প্রতিবাদ-বিক্ষোভের খবরও পাওয়া গেছে।
ঘোড়ায় টানা একটি কামানবাহী গাড়িতে করে থ্যাচারের কফিন সেন্ট পল গির্জায় নিয়ে যাওয়ার সময় উপস্থিত জনতার মধ্যে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া।
রাস্তায় দাঁড়ানো থ্যাচারের অগণিত ভক্ত তাকে শেষ শ্রদ্ধা জানায়।পথে নীল গোলাপ ছুঁড়ে দেয় অনেকে।আবার থ্যাচারের বিরোধীরা এ সময় কফিনের দিকে পিছন দিক হয়ে দাঁড়িয়ে প্রতিবাদ জানায়।
রাজনৈতিক জীবনে দেশের চেহারা পাল্টে দেয়া একজন নেতা হিসাবে থ্যাচার যেমন খ্যাতি কুড়িয়েছিলেন, তেমনি ধনী-গরিব বিভেদ সৃষ্টির জন্য তিক্ত সমালোচনারও শিকার হয়েছেন। আর তাই বুধবার তার শেষকৃত্যের দিনেও ফুটে ওঠে বিভক্তির সেই লক্ষণ।
জরিপে থ্যাচারকে পূর্ণ সামরিক মর্যাদায় সমাহিত করা নিয়ে দেখা গেছে অসন্তোষ।যুক্তরাজ্যে ব্যয় কাটছাঁটের এই সময়ে বড় অঙ্কের রাষ্ট্রীয় অর্থ ব্যয়ে থ্যাচারের শেষকৃত্য অনুষ্ঠানকে ভালভাবে নেননি অনেকেই।
থ্যাচারের এ শেষকৃত্যানুষ্ঠানের সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের শেষকৃত্যানুষ্ঠানের তুলনা করা হচ্ছে। ১৯৬৫ সালে চার্চিলের ওই শেষকৃত্যানুষ্ঠানের পর আরো কোনো ব্রিটিশ রাজনীতিবিদের জন্য এ ধরনের আয়োজন হয়নি।
৩শ’ বছরের পুরনো সেন্ট পল গির্জায় ব্রিটেনের জাতীয় বীর নেলসন, ডিউক অব ওয়েলিংটন ও চার্চিলের শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছিল।প্রিন্স চার্লস ও ডায়নার বিখ্যাত বিয়ের অনুষ্ঠানও হয়েছিল এই গির্জায়।
চার্চিলের শেষকৃত্যের পর প্রথমবারের মতো লন্ডনের প্রতীকে পরিণত হওয়া বিখ্যাত বিগ বেন ঘড়িও থ্যাচারের শেষকৃত্যের সময় বন্ধ রাখা হয়।
যুক্তরাজ্য সশস্ত্র বাহিনীর সদস্যরা থ্যাচারের প্রতি সম্মান প্রদর্শন করেন।কেন্টারবারির আর্চবিশপ জাস্টিন ওয়েলবির প্রার্থনার মধ্য দিয়ে শেষকৃত্যানুষ্ঠান শেষের পর কফিনটি গির্জা থেকে বের করে আবার গাড়িতে তুলে দেয়া হয়।সেই গাড়িতে করেই কফিনটি রয়াল হসপিটাল চেলসিয়া হয়ে যাত্রা করে দক্ষিণ-পশ্চিম লন্ডনের মর্তলেক সমাধিতে।
১৯৭৯ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত দীর্ঘ ১১ বছর থ্যাচার যুক্তরাজ্যর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন থ্যাচার। তার প্রধানমন্ত্রীত্বকালে ১৯৮২ সালে ফকল্যান্ড যুদ্ধ অনুষ্ঠিত হয়। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে ওই যুদ্ধে থ্যাচারের নেতৃত্বে আর্জেন্টিনাকে পরাজিত করে যুক্তরাজ্য।
গত ৮ এপ্রিল ৮৭ বছর বয়সে স্টোকে মারা যান ব্রিটেনের কনজারভেটিভ দলের আলোচিত এই সাবেক প্রধানমন্ত্রী।
