২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক জুড়ে বোমা হামলায় নিহত ৩০

বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের তল্লাশী চৌকিসহ ইরাক জুড়ে বিভিন্ন শহরে বোমা হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরো অন্তত ২শ’ জন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 15 Apr 2013, 09:20 AM

Updated : 23 Aug 2022, 10:33 AM

সোমবার সকালে এসব হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

২০ এপ্রিল ইরাকে প্রাদেশিক পরিষদের নির্বাচনের মাত্র কয়েকদিন আগে এসব বোমা হামলা চালানো হলো। হামলার শিকার শহরগুলোর মধ্যে রাজধানী বাগদাদ, কিরকুক, তুজ খুরমাতো ছাড়াও উত্তর-দক্ষিণের আরো চারটি শহর রয়েছে। কড়া নিরাপত্ত বেষ্টনির মধ্যে থাকা বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের হামলার ঘটনা কিছুটা বিরল। এখানে গাড়িবোমা বিস্ফোরণে দুইজন নিহত হয়। বিমানবন্দরে হামলার বর্ণনা দিয়ে পুলিশের একটি সূত্র জানিয়েছে, “দুটি গাড়ি বাগদাদ বিমানবন্দরের প্রবেশ পথে কাছে আসতে সমর্থ হয়, গাড়ি দুটি সেখানেই রেখে চালকেরা পালিয়ে যায়। আমরা নিয়মিত তল্লাশীর দায়িত্বপালনের সময় এক সেকেন্ডের ব্যবধানে দুটি গাড়িই বিস্ফোরিত হয়।” এতে বিমানবন্দরে ঘুরে বেড়াতে থাকা দুজন ভ্রমণকারী নিহত হন বলে তিনি জানান। সবেচেয়ে ভয়াবহ হামলাটি হয়েছে কিরকুকে। এখানে একসঙ্গে ছয়টি গাড়িবোমা বিস্ফোরণে নয়জন নিহত হয়। বাগাদাদ থেকে ১শ’ ৭০ কিলোমিটার উত্তরে তুজ খুরমাতো শহরে টহলরত পুলিশকে লক্ষ্য করে চারটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে পাঁচজন নিহত ও ৬৭ জন আহত হয়। বাগদাদের ৫০ কিলোমিটার উত্তরে তারমিয়াহ শহরে বন্দুকধারীরা দূরলক্ষ্যভেদী রাইফেল ও পিস্তলের গুলিতে এক পুলিশ কর্মকর্তাকে হত্যা করে। শেষ খবর পাওয়া পর্যন্ত এসব হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি।