২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাবেসকে নিয়ে লেখা গান শুনে কাঁদলেন ক্যাস্ত্রো

ভেনেজুয়েলার প্রয়াত প্রেসিডেন্ট উগো চ্যাবেসকে নিয়ে লেখা একটি গান শুনে প্রায় কেঁদে ফেলেছেন কিউবার বিপ্লবী নেতা সাবেক প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ত্রো। কান্না আড়াল করতে এ সময় তিনি নিচের দিকে তাকিয়ে ছিলেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2013, 09:56 AM

Updated : 23 Aug 2022, 10:33 AM

বৃহস্পতিবার কিউবার রাষ্ট্রীয় টেলিভিশনের এক খবরে এ বিষয়টি জানানো হয়েছে।

একটু অন্যরকমের এ প্রতিবেদনটি খবরে নয় মিনিট ধরে দেখানো হয়। এটি চ্যাবেসের মৃত্যুতে ৮৬ বছর বয়সী ক্যাস্ত্রোর প্রতিক্রিয়ার প্রথম প্রকাশ্য প্রতিবেদন। ক্যাস্ত্রোকে নিজের রাজনৈতিক জনক ও গুরু বলে বিবেচনা করতেন চ্যাবেস। গুরুর প্রতি সবসময় প্রকাশ্যেই গভীর শ্রদ্ধাবোধ প্রকাশ করতেন চ্যাবেস।

চ্যাবেসের স্মরণে “বন্ধুর ফিরে আসা” শিরোনামের গানটি লিখেছেন, সুর করেছেন ও গেয়েছেন কিউবার কিছু সংগীত শিল্পী। বুধবার একটি স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ক্যাস্ত্রো গানটি শোনার সময় কপালে হাত দিয়ে চোখ ঢেকে রাখেন, এ সময় বোঝা যাচ্ছিল তিনি চোখের পানি আড়াল করতে চাচ্ছেন আর কান্না ধরে রাখার জন্য সংগ্রাম করছেন।

দুই বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করে ভেনেজুয়েলার জনপ্রিয় বামপন্থী প্রেসিডেন্ট চ্যাবেস ৫ মার্চ মৃত্যুবরণ করেন। তার ক্যান্সার চিকিৎসার প্রায় পুরোটাই কিউবায় ডাক্তরাদের তত্ত্বাবধানে কিউবায় হয়।

গানের একটি লাইনে বলা হয়, “কেউ মনে করে না তিনি চলে গেছেন, তিনি জনতাকে ছেড়ে এক মুহুর্তের জন্য গেছেন। তিনি ফিরে আসবেন সানদিনোর সাথে, চের সাথে, মার্তি ও বলিভারের সাথে।” এই লাইনটিতে লাতিন আমেরিকার কয়েকজন বিপ্লবী নেতার নাম করা হয়েছে, তারা হলেন আগুস্তো সানদিনো, আর্নেস্তো “চে” গুয়েভারা, হোসে মার্তি ও সিমন বলিভার, কিউবায় এই নেতাদের প্রায় সময়ই স্মরণ করা হয়।

গানটি শেষে স্কুলের ছাত্র, কর্মী ও কর্মকর্তা উপচানো একটি হলঘরে বয়োবৃদ্ধ ক্যাস্ত্রো মন্তব্য করেন, “গানটি সত্যি খুব সুন্দর।” এ সময় অধিকাংশ শ্রোতাই কাঁদছিলেন।