নজরদারি বাড়িয়েছে দক্ষিণ কোরিয়া
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ বাহিনীর সিউল কমান্ড উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র মোতায়েন তৎপরতায় নজরদারি বাড়ানোর উদ্দেশ্যে প্রতিরক্ষা পরিস্থিতি এক ধাপ উচ্চ পর্যায়ে নিয়ে গেছে। গোয়েন্দাকর্মী বাড়ানো ও তাদের পরিচালনার জন্য “ওয়াচকন ৩” নামের এই ধাপ চালু করা হয়েছে।
বুধবার দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়োনহ্যাপকে এ খবর জানিয়েছেন এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা।
“উত্তর থেকে একসঙ্গে মুসুদান, স্কাড ও নোডঙ্গ ক্ষেপণাস্ত্রের ঝাঁক নিক্ষেপ করা হতে পারে বলে পরিষ্কার ইঙ্গিত পাওয়া গেছে,” পরিচয় প্রকাশ না করে ওই কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায় ইয়োনহ্যাপ।
উত্তর কোরিয়া প্রায়ই স্বল্পপাল্লার স্কাড ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। কিন্তু দূরপাল্লার মুসুদান এবং নোডঙ্গ ক্ষেপণাস্ত্র দেশটির হাতে কি পরিমাণ আছে তা অজানাই রয়ে গেছে। মুসুদান ক্ষেপণাস্ত্রের পাল্লা আনুমানিক ৩ থেকে সাড়ে তিন হাজার কিলোমিটার।
উত্তর কোরিয়া প্রশান্ত মহাসাগরের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ করার কথা ঘোষণা করেছে, তবে নিজেদের অপরীক্ষিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো এ কাজে সক্ষম হবে কিনা তা দেশটির জানা নেই।
উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলে অজানা সংখ্যক মুসুদান ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে, সম্প্রতি এমন অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় এলাকার বাহিনী প্রধান অ্যাডমিরাল স্যামুয়েল লকলিয়ার।
নাম প্রকাশে অনিচ্ছুক ওবামা প্রশাসনের এক কর্মকর্তা দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমগুলোকে বলেছেন, “আমাদের অনুসন্ধানের সিদ্ধান্ত হচ্ছে, উত্তর কোরিয়ার দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে।”
সাম্প্রতিক সপ্তাহগুলোতে উত্তর কোরিয়া প্রায় প্রতিদিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র দক্ষিণ কোরিয়াকে হামলার হুমকি দিয়ে আসছে। তবে এই হুমকিগুলো উত্তর কোরিয়ার তরুণ নেতা কিম জং উনের প্রতি দেশবাসীর আস্থা জোরদার করতেই দেওয়া হচ্ছে বলে পশ্চিমা বিশ্লেষকদের ধারণা।
