২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালিতে স্থায়ীভাবে এক হাজার সেনা রাখতে চায় ফ্রান্স

জাতিসংঘের এই বাহিনীতে ইতোমধ্যে মালিতে মোতায়েন থাকা কয়েক হাজার আফ্রিকীয় সেনাও যুক্ত হবে। এসব সেনারা গত তিনমাস ধরে মালির জঙ্গিদের বিরুদ্ধে ফরাসি বাহিনী পরিচালিত অভিযানে সহায়তা করতে এখানে এসেছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 06 Apr 2013, 09:35 AM

Updated : 23 Aug 2022, 10:30 AM

সশস্ত্র ইসলামি জঙ্গিদের সঙ্গে লড়াই করতে মালিতে স্থায়ীভাবে ১ হাজার সেনা মোতায়েন রাখার প্রস্তাব দিয়েছে ফ্রান্স।

শুক্রবার মালি সফররত ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লর্যা ফ্যাবিয়াস এ কথা জানিয়েছেন।

মালির রাজধানী বামাকোতে ফ্যাবিয়াস বলেন, চলতি মাসের শেষ দিকে মালিতে অবস্থানরত ৪ হাজার ফরাসি সেনার সংখ্যা কমাতে চায় ফ্রান্স। তবে ভবিষ্যতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনকে সহায়তা করার জন্য সেনাবহরের একটি অংশকে স্থায়ীভাবে মোতায়েন রাখতে চান তারা।

গত সপ্তাহে জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, বড় ধরনের লড়াই শেষ হওয়ার পর মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ১১ হাজার ২শ’ সেনা ও ১ হাজার ৪শ’ ৪০ জন পুলিশ মোতায়েন করা হবে। জাতিসংঘের এই বাহিনীতে ইতোমধ্যে মালিতে মোতায়েন থাকা কয়েক হাজার আফ্রিকীয় সেনাও যুক্ত হবে। এসব সেনারা গত তিনমাস ধরে মালির জঙ্গিদের বিরুদ্ধে ফরাসি বাহিনী পরিচালিত অভিযানে সহায়তা করতে এখানে এসেছে। এর আগে ফরাসি সেনা অভিযানের মুখে মালির উত্তরাঞ্চলের বিশাল অংশ দখল করে নেওয়া জঙ্গিরা দখলকৃত এলাকা ছেড়ে আরো উত্তরের পার্বত্য অঞ্চলে পালিয়ে যায়। মালির উত্তরাঞ্চলে ঘাঁটি গেড়ে জঙ্গিরা উত্তর আফ্রিকা ও পশ্চিম ইউরোপে হামলা চালাতে পারে এমন আশঙ্কায় মালির জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে নামে ফরাসি সেনাবাহিনী। একদিনের বামাকো সফর শেষে দেশে ফেরার পথে ফ্যাবিয়াস বলেন, “জাতিসংঘ ও মালির সরকারের কাছে ফ্রান্স ১ হাজার সহায়তাকারী বাহিনী স্থায়ীভাবে রেখে দেওয়ার প্রস্তাব করেছে। এরা মালিতেই ঘাঁটি করে থাকবে এবং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করবে।” প্যারিস থেকে এক ফরাসি কূটনীতিক জানিয়েছেন, আগামী তিন সপ্তাহের মধ্যে নিরাপত্তা পরিষদ মালির জন্য জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী অনুমোদন করবে, ফ্রান্স এমনটি আশা করছে।