২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আদালতে জঙ্গি হামলায় নিহত ৪৪

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ নগরীর একটি আদালত ভবনে তালেবান জঙ্গিদের আত্মঘাতী বোমা ও বন্দুক হামলায় অন্তত ৪৪ জন নিহত এবং ৯০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 11:47 AM

Updated : 23 Aug 2022, 10:29 AM

নিহতদের ৩৪ জন বেসামরিক নাগরিক এবং ১০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য বলে জানিয়েছে রয়টার্স।ওদিকে, বিবিসি নিহতের সংখ্যা ৫০ উল্লেখ করেছে।

আফগান নিরাপত্তা বাহিনী এবং আদালতের ভেতরে অবস্থান নেয়া জঙ্গিদের মধ্যে বন্দুকযুদ্ধ হওয়ার কথা ফারাহ’র প্রাদেশিক ডেপুটি গভর্নর মোহাম্মদ ইউনিস রাসৌলির উদ্ধৃতি দিয়ে জানায় বিবিসি।

ওদিকে, রয়টার্সের খবরে গভর্নরের মুখপাত্র আব্দুল রহমান জোয়ানদাইয়ের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ৯ জঙ্গি বিস্ফোরক নিয়ে ফারাহ প্রদেশের গভর্নরের কম্পাউন্ডে হামলা চালায়।যেখানে তালেবান যোদ্ধাদের বিচার চলছিল।

এর আগের খবরে রয়টার্সকে ডেপুটি গভর্নর রাসৌলি জানিয়েছিলেন, ১০ তালেবান যোদ্ধার বিচার কার্যক্রম শুরু হওয়ায় জঙ্গিরা আদালতে হামলা করেছে।

সেনা পোশাকের ছদ্মবেশে জঙ্গিরা সন্দেহভাজন ওই তালেবানদের মুক্ত করার চেষ্টা চালায়।

জঙ্গিরা বিস্ফোরক ভর্তি একটি সামরিক যান বিস্ফোরণ ঘটানোয় ফারাহ প্রদেশের গভর্নরের কম্পাউন্ডসহ আশেপাশের ভবন ও দুটি ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়।

তালেবানরা এক টেক্সট মেসেজে গণমাধ্যমের কাছে হামলার দায় স্বীকার করেছে।তালেবান মুখপাত্র ক্বারী ইউসুফ আহমাদি এ হামলার মধ্য দিয়ে বিচারে দাঁড় করানো
বিদ্রোহীদের মুক্ত করা হয়েছে বলে দাবি করেছেন।

এর আগে প্রাথমিক খবরে ফারাহ প্রদেশের গভর্নর কম্পাউন্ডে হামলা হওয়ার কথা বলা হলেও পরবর্তী খবরে তালেবান মুখপাত্র হামলার মূল লক্ষ্য আদালত ভবনই ছিল বলে নিশ্চিত করেন।বিবিসি একথা জানিয়েছে।

জঙ্গিরা বিভিন্ন ভবনে অবস্থান নিলে আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ শুরু হয়। ৬ জঙ্গি আত্মঘাতী বোমার বেল্ট পরেছিল বলে জানান প্রাদেশিক পুলিশ প্রধান আফগা নূর কেমতোজ।

পরে তিনি অচলাবস্থার অবসান ঘটেছে বলে জানান। এক বছরেরও বেশি সময়ের মধ্যে এটিই আফগানিস্তানে বড় ধরনের জঙ্গি হামলা।