অ্যাসাঞ্জের প্রচারণা প্রধান হলেন রাজতন্ত্রবিরোধী নেতা
দূতাবাস থেকে বের হলেই তাকে সুইডেনে পাঠিয়ে দেবে ব্রিটিশ পুলিশ। সেখানে যৌন অসদাচরণের দায়ে অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করতে চায় সুইডেন পুলিশ। কিন্তু অ্যাসাঞ্জের ভয় জিজ্ঞাসাবাদের নামে তাকে সুইডেনে নিয়ে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে।
লন্ডনের ইকুয়েডর দূতবাসে রাজনৈতিক আশ্রয়গ্রহণকারী সারা জাগানো উইকিলিকস ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ অস্ট্রেলীয় পার্লামেন্টের উচ্চকক্ষের সদস্য হতে চান। এ লক্ষ্যে ব্রিটিশ রাজতন্ত্রবিরোধী নেতা গ্রেগ বার্নসকে নিজ দল উইকিলিকস পার্টির প্রচারণা প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি।
সোমবার সাবেক অস্ট্রেলীয় প্রজাতন্ত্র আন্দোলনের নেতা আইনজীবী বার্নস স্বয়ং এ কথা জানিয়েছেন।
আগামী ১৪ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় পরবর্তী পার্লামেন্ট নির্বাচন। নির্বাচনী মাঠে অনুপস্থিত অবস্থায়ই লড়াই করতে চান অ্যাসাঞ্জ। গত নয়মাস ধরে ইকুয়েডর দূতাবাসে কার্যত বন্দি জীবনযাপন করছেন তিনি।
দূতাবাস থেকে বের হলেই তাকে সুইডেনে পাঠিয়ে দেবে ব্রিটিশ পুলিশ। সেখানে যৌন অসদাচরণের দায়ে অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করতে চায় সুইডেন পুলিশ। কিন্তু অ্যাসাঞ্জের ভয় জিজ্ঞাসাবাদের নামে তাকে সুইডেনে নিয়ে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে।
২০১০ সালে অ্যাসাঞ্জ তার উইকিলিকস ওয়েবসাইটে ইরাক ও আফগান যুদ্ধের গোপন ভিডিও চিত্র, সামরিক ফাইল ও শত শত গোয়েন্দা বার্তা ফাঁস করে দেন। এতে যুক্তরাষ্ট্র তার ওপর ভয়ানক ক্ষিপ্ত হয়।
অস্ট্রেলীয় বেতারকে বার্নস বলেন, “এটি নিশ্চিতভাবে একটি গুরুত্বপূর্ণ প্রচারণা। তিনি সব রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই সমর্থন পেতে পারেন। উইকিলিকস পার্টি অস্ট্রেলীয় সরকারের গোপনীয়তার সংস্কৃতিতে একটি সুস্থ্ ধারা প্রবর্তন করার পক্ষপাতী।”
৪১ বছর বয়সী অস্ট্রেলীয় নাগরিক অ্যাসাঞ্জ গত বছর পার্লামেন্টের সিনেটের সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন।
