২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেশোয়ারে বিদ্যুৎকেন্দ্রে জঙ্গি হামলা, নিহত ৭

চলতি বছরের মে মাসে পাকিস্তানে অনুষ্ঠিতব্য পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির লক্ষ্যে জঙ্গিরা তাদের হামলা-সহিংসতার মাত্রা বাড়িয়ে দিতে পারে।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2013, 08:57 AM

Updated : 23 Aug 2022, 10:29 AM

পাকিস্তানের পেশোয়ারে একটি বিদ্যুৎ কেন্দ্রে জঙ্গি হামলায় অন্ততপক্ষে সাতজন নিহত হয়েছেন।


দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি মঙ্গলবার এ খবর জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, বিদ্যুৎ কেন্দ্রটিতে ডজনেরও বেশি জঙ্গি হামলা চালিয়ে ঘটনাস্থলেই একজন পুলিশ ও বিদ্যুৎ কেন্দ্রের একজন কর্মীকে হত্যা করে। এরপর জঙ্গিরা ১০ জনকে জিম্মি করে।


জিম্মি ১০ জনের মধ্যে ৫ জনের মৃতদেহ নিকটবর্তী একটি মাঠে পাওয়া গেলেও বাকি ৫ জনকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি বলে পুলিশ জানিয়েছে।


এখনো পর্যন্ত কোনো গোষ্ঠীই এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে পাকিস্তানি তালেবান এই অঞ্চলে প্রায়ই হামলা চালিয়ে থাকে।


বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটিতে হামলার ফলে সাময়িকভাবে শহরে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত সরবরাহ ব্যবস্থা পুনরায় চালু করা সম্ভব হয়েছে।


মঙ্গলবার ভোরে হামলাকারীরা ভারী অস্ত্র নিয়ে দক্ষিণাঞ্চলীয় বাদ বাহেরে অবস্থিত বিদ্যুৎ কেন্দ্রটিতে হামলা চালায়।


ইসলামাবাদে থাকা বিবিসির প্রতিনিধি ওরলা গুয়েরিন জানিয়েছেন, চলতি বছরের মে মাসে পাকিস্তানে অনুষ্ঠিতব্য পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির লক্ষ্যে জঙ্গিরা তাদের হামলা-সহিংসতার মাত্রা বাড়িয়ে দিতে পারে।