তিব্বতের ভূমিধস: ২১ লাশ উদ্ধার
তিব্বতের রাজধানী লাসার কাছাকাছি ভূমিধসের ঘটনায় ৮৩ জন খনিশ্রমিক আটকা পড়ার ঘটনায় সোমবার ২১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
শুক্রবার এই ভূমিধসের ঘটনা ঘটে বলে বিবিসির এক খবরে বলা হয়।
হাজারও উদ্ধারকর্মী মাটি, পাথর ও অন্যান্য ধ্বংসস্তূপের নিচে থেকে হতভাগ্য খনিশ্রমিকদের লাশ উদ্ধারের জন্য খোঁড়াখুঁড়ি চালিয়ে যাচ্ছে।
তবে উদ্ধারকর্মীদের কারো কারো উচ্চতাজনিত কারণে শ্বাসকষ্ট হওয়ায় তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।
ওই ভূমিধসের ঘটনা ঘটার ৩৬ ঘণ্টা পর উদ্ধারকারীরা প্রথম লাশ উদ্ধার করতে সক্ষম হন। বাকি ২০ জনের অধিকাংশের লাশ রোববার উদ্ধার করা হয়েছে। কিন্তু এখনো ৬০ জনেরও বেশি খনিশ্রমিকের লাশ মাটি-পাথরের নিচে রয়ে গেছে।
উদ্ধারকর্মীদের একজন চায়না ন্যাশনাল রেডিওকে জানিয়েছেন, তারা লাশ খুঁজে পাওয়ার এক ভাগ সম্ভাবনা যতক্ষণ রয়েছে ততক্ষণই তৎপরতা চালিয়ে যাবেন।
উদ্ধারকর্মীরা প্রবল ঠাণ্ডা এবং আরো ভূমিধসের আশঙ্কার মধ্যেই তাদের কাজ চালিয়ে যাচ্ছে।
এরআগে ওই অঞ্চলে থাকা বিবিসির প্রতিনিধি জানিয়েছিলেন, শুক্রবার সকালে ভূমিধসের পর যে সময় অতিক্রান্ত হয়েছে এবং যে পরিমাণ ভূমিধস হয়েছে তাতে আটকা বা চাপা পড়া কারো বেঁচে থাকার আশা ক্ষীণ।
জানা গেছে, শ্রমিকদের অধিকাংশই হান আদিবাসী সম্প্রদায়। তাদের সঙ্গে আদিবাসী তিব্বতি দুইজনও রয়েছে।
শ্রমিকদের অধিকাংশই এসেছে ইউনান, গুইজু এবং সিচুয়ান প্রদেশ থেকে।
পুলিশের দেয়া তথ্যানুযায়ী, প্রায় ৪ বর্গকিলোমিটার এলাকা ভূমিধসের শিকার হয়।
তিব্বতের খনিটি তামা উত্তোলন করে থাকে। পাশাপাশি কিছু রূপা ও সোনাও এই খনিতে উত্তোলিত হয়।
চীনের বৃহত্তম স্বর্ণ উৎপাদক চায়না ন্যাশনাল গোল্ড গ্রুপ এই খনিটি পরিচালনা করে।
