২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ব্রাজিলে পযর্টক ধর্ষণ

ব্রাজিলের রিও ডি জেনেরিওতে এক বিদেশি পর্যটক ধর্ষণ ও ডাকাতির শিকার হয়েছেন বলে দেশটির পুলিশ জানিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2013, 06:42 AM

Updated : 23 Aug 2022, 10:29 AM

এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বলে বিবিসির এক খবরে জানানো হয়।

পুলিশ জানিয়েছে, শহরের কোপাকাবানা এলাকায় একটি মিনি বাসে ওই পযর্টক যুগলের ওপর দুবৃত্তরা হামলা চালিয়ে এই ঘটনা ঘটিয়েছে।

তবে ওই পর্যটক যুগলের পরিচয় ও জাতীয়তা প্রকাশ করা হয়নি।
২০১৪ সালের ফুটবল বিশ্বকাপ এবং ২০১৬ সালের অলিম্পিকস এর আয়োজনকারী দেশ ব্রাজিলের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধ ও সহিংসতা নিয়ন্ত্রণ একটি অগ্রাধিকারভিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে।

পুলিশ জানিয়েছে, ২০ বছর বয়সী মিনিবাসচালক জোনাথন ফওদাকিস দে সুজা এবং ২২ বছর বয়সী ওয়ালেচ অ্যাপারেসিদো দে সুজা সিলভা নামে দুই ব্যক্তিকে এ ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করেছে তারা।

ধারণা করা হচ্ছে, মিনিবাসটি থেকে অন্য যাত্রীরা নেমে যাওয়ার পর সেটি রিও ডি জেনেরিও শহরের বাইরে নিয়ে যাওয়া হয়। গুয়ানাবারা সমুদ্রের ওপর দিয়ে দীর্ঘ সেতু পার হওয়ার সময়ই ওই নারী পর্যটককে উপর্যুপরি ধর্ষণ করা হয়।

এ সময় তার ছেলেবন্ধুকে হাতকড়া পড়িয়ে বেদম মারধর করা হয়।
ওই যুগলের কাছ থেকে জোর করে ক্রেডিটকার্ড নিয়ে তা দিয়ে টাকাও উত্তোলন করে এরপর তাদের ইতাবোরাই শহরের কাছাকাছি ফেলে রেখে মিনিবাসটি চলে যায় বলে পুলিশি প্রতিবেদনে জানানো হয়।
এই হামলার কয়েক ঘণ্টা পর ওই দুই সন্দেহভাজন দুবৃত্তকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, তারা তৃতীয় এক ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছেন। ওই ব্যক্তিও ধর্ষণের ঘটনায় জড়িত।

রিও ডি জেনেরিওসহ ব্রাজিলের অন্যান্য শহরে প্রায়ই বাসে ডাকাতির ঘটনা ঘটে থাকে। কিন্তু সহিংসতা ও ধর্ষণের এই মারাত্মক অপরাধের ঘটনায় স্থানীয় সংবাদমাধ্যমগুলোও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।