‘উস্কানি’র বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা: দক্ষিণ কোরিয়া
উত্তর কোরিয়ার ‘যুদ্ধাবস্থা’ ঘোষণার পরিপ্রেক্ষিতে ‘কঠোর পাল্টা ব্যবস্থার’ ঘোষণা দিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জেয়ুন হাই।
সোমবার দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট জানিয়েছেন, এ ক্ষেত্রে তিনি কোনো রাজনৈতিক ফলাফলের তোয়াক্কা করবেন না।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী ও অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট পার্ক জেয়ুন হাই এ কথা বলেন।
তিনি বলেন, “দক্ষিণ কোরিয়া এবং জনগণের বিরুদ্ধে যেকোনো উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধেই রাজনৈতিক কোনো বিবেচনা ব্যতিরেকেই কঠোরভাবে লড়াইয়ের মাধ্যমেই তার জবাব দেওয়া হবে।
এরআগে পরমাণু অস্ত্র পরীক্ষার পর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে শনিবার দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে তুমুল বাদানুবাদে জড়িয়ে পড়া উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার সঙ্গে “যুদ্ধাবস্থায়” প্রবেশ করছে বলে ঘোষণা করেছে।
এক বিবৃতিতে উত্তর কোরিয়া জানায়, “এখন থেকে, উত্তর-দক্ষিণের সম্পর্ক যুদ্ধাবস্থায় প্রবেশ করবে এবং এরপর থেকে উত্তর এবং দক্ষিণের মধ্যে উদ্ভূত যে কোনো ইস্যু এর আলোকে পরিচালনা করা হবে।”
মার্চের প্রথম থেকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী নিয়মিত যৌথ সামরিক মহড়া শুরু করার পর থেকে প্রায় প্রতিদিন দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোয় হামলার হুমকি দিচ্ছে উত্তর কোরিয়া। হুমকির পাশাপাশি সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায়ও রেখেছে।
১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধ কোনো শান্তি চুক্তি ছাড়াই শুধুমাত্র অস্ত্র বিরতির মাধ্যমে স্থগিত করা হয়েছিল, তাই পরোক্ষভাবে দুই কোরিয়া সবসময় যুদ্ধাবস্থায়ই আছে। তবে ওই সমঝোতা এখন আর কার্যকর নয় বলে মার্চের প্রথম দিকে ঘোষণা করেছে উত্তর কোরিয়া।
