২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে ফের বেসরকারি সংবাদপত্র

রাষ্ট্রিয় সংবাদপত্রের ৫০ বছরের একাধিপত্য শেষে মিয়ানমারে আবার বেসরকারি দৈনিক সংবাদপত্রের দিন শুরু হল। এ পর্যন্ত ষোলটি সংবাদপত্রকে প্রকাশের অনুমতি দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2013, 02:46 AM

Updated : 23 Aug 2022, 10:29 AM

সোমবার চারটি দৈনিক সংবাদপত্র প্রকাশের মধ্য দিয়ে ঐতিহাসিক এই নবযাত্রা শুরু হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

স্বৈরাচারী শাসন থেকে গণতন্ত্রের পথে মিয়ানমারের এটি আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই কিছুদিন আগেও মিয়ানমারে সংবাদ কর্মীদের বিশ্বের অন্যতম কঠোর বিধিনিষেধ সম্পন্ন পরিবেশের মধ্যে কাজ করতে হত।

১৯৬৪ সালের আগে মিয়ানমারে বার্মিজ, ইংরেজি, ভারতীয় ও চীনা ভাষায় দৈনিক সংবাদপত্র প্রকাশিত হত। কিন্তু সামরিক জান্তা ওই বছর থেকে সব সংবাদপত্রের প্রকাশ জোর করে বন্ধ করে দেয়।

এরপর থেকে সাংবাদিকদের ওপর গোয়েন্দা নজরদারী শুরু করা হয় এবং তাদের ফোনে আড়ি পাতা হয়। প্রায়ই তাদের ধরে নিয়ে নির্যাতন করা হতো, কাউকে কারাগারে আটকে রাখা হতো। আইনের আওতার বাইরে থাকা সংবাদপত্রগুলো বন্ধ করে দেওয়া হয়।

কিন্তু ২০১১ সালে সেনা সমর্থিত বেসামরিক থিয়েন সিয়েন সরকার ক্ষমতায় আসার পর শুরু হওয়া সংস্কারের পথ ধরে গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ কিছুটা শিথীল হতে থাকে।

গত অগাস্টে, সরকার সাংবাদিকদের জানায়, প্রকাশের আগে এখন থেকে আর তাদের কাজ রাষ্ট্রিয় সেন্সর বোর্ডে জমা দিতে হবে না।

আর ১ এপ্রিল থেকে বেসরকারি উদ্যেগে সংবাদপত্র প্রকাশ করা যাবে এটি গত ডিসেম্বরে ঘোষণা করা হয়।

চাহিদা থাকলেও প্রথম দিন প্রকাশিতব্য দৈনিকগুলো অল্প কয়েক হাজার সংখ্যা প্রকাশ করবে বলে জানিয়েছেন বিবিসির রেঙ্গুন প্রতিনিধি।

অং সাঙ সু চি’র দল ন্যাশনাল লীগ ফর ডেমক্রেসি চলতি মাসের শেষ দিক থেকে নিজেদের সংবাদপত্র প্রকাশ করা শুরু করবে।