২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশাররফের দিকে ফের জুতা

স্বেচ্ছা নির্বাসনের অবসান ঘটিয়ে দেশে ফেরার পর আবারো জুতার মুখে পড়েছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2013, 09:54 AM

Updated : 23 Aug 2022, 10:28 AM

তবে ক্ষুব্ধ এক আইনজীবীর ছোড়া জুতোটি এবারো মাত্র ফুট খানেকের জন্য লক্ষভ্রষ্ট হয়।

পারভেজ মুশাররফ শুক্রবার আগাম জামিন নিতে সিন্ধু হাই কোর্টে উপস্থিত হলে বিক্ষোভের মধ্যে এ ঘটনা ঘটে।
অবশ্য আদালত আদেশ দিয়েছে, আরো ১৫ দিন এই সাবেক প্রেসিডেন্টকে গ্রেপ্তার করা যাবে না। তবে এই সময়ে তিনি দেশত্যাগ করতে পারবেন না।

জামিন আবেদনের শুনানি অংশ নিতে মুশাররফ যখন সকালে নিরাপত্তরক্ষী বেষ্টিত হয়ে আদালতে হাজির হন, তখন আদালতের বাইরে আইনজীবীসহ একদল লোককে তার বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। এনডিটিভিতে প্রচারিত ভিডিওতে দেখা যায়, বিক্ষোভের মাঝেই এক আইনজীবী সাবেক প্রেসিডেন্টের দিকে জুতা ছুড়ে মারেন।

ওই আইনজীবীর নাম তাজাম্মুল লোদি বলে এনডিটিভির খবরে উল্লেখ করা হয়েছে। তার ছোড়া জুতোটি মুশাররফের এক ফুট সামনে গিয়ে পড়ে।

এর পরপরই তাজাম্মুল লোদিকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে ২০১১ সালে লন্ডনে পারভেজ মুশাররফের দিকে দুই দফা জুতা ছোড়া হলেও প্রতিবারই লক্ষভ্রষ্ট হয়।
১৯৯৯ সালে রক্তপাতহীন সেনা অভ্যূত্থানের মধ্য দিয়ে পাকিস্তানের ক্ষমতা দখল করেন জেনারেল পারভেজ মুশাররফ।

২০০৮ সালের ফেব্রুয়ারিতে দেশটিতে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে তার অনুসারী ও সমর্থকরা শোচনীয়ভাবে পরাজিত হয়।

অভিসংশনের হুমকির মুখে ওই বছরের অগাস্টে পদত্যাগ করে দেশ ছেড়ে স্বেচ্ছানির্বাসনে যান তিনি। চার বছর লন্ডন ও দুবাইয়ে কাটিয়ে গত ২৪ মার্চ দেশে ফেরেন সাবেক এই সেনা শাসক।