পাকিস্তানকে ছাড়াই শান্তিপ্রক্রিয়া চালাবে আফগানিস্তান
আফগান শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানের ভূমিকায় হতাশা প্রকাশ করে আফগানিস্তান বলেছে, সরকার ইসলামাবাদের কোনো সহায়তা ছাড়াই শান্তির জন্য কাজ করে যাবে।
পাকিস্তানের সাহায্য ছাড়া শান্তিপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আফগানিস্তানের এমন স্পষ্ট ইঙ্গিত এটাই প্রথম।
আফগানিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রী জাভেদ লুদিন বুধবার রয়টার্সকে এক সাক্ষাৎকারে বলেন, “২০১৪ সালে বিদেশি বাহিনী আফগানিস্তান ছাড়ার এই অন্তিম সময়ে অতীব জরুরি হয়ে ওঠা শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানের অবস্থান পরিবর্তন হতে দেখা যাচ্ছে।”
“আমরা আবারো শান্তি প্রচেষ্টায় পাকিস্তানের ভূমিকায় হতাশ।পাকিস্তানের অত্মপ্রশান্তিমূলক নীতি দেখে আমরা কাবুলের লোকজন খুবই ব্যথিত।”
“গত কয়েক মাসে আমাদের সঙ্গে যা ঘটেছে, তাতে আমরা দেখছি, পাকিস্তানের লক্ষ্য পরিবর্তন হয়ে যাচ্ছে।তারা প্রতিমূহুর্তেই নীতির পরিবর্তন ঘটাচ্ছে, আমরা বিষয়টি বুঝতে পারছি।”
আফগানিস্তানের বিদ্রোহী গোষ্ঠীগুলোর দীর্ঘদিনের যোগসূত্রতার কারণে পাকিস্তান আফগান শান্তিপ্রক্রিয়া এগিয়ে নিতে গড়িমসি করছে।সম্প্রতি যুক্তরাষ্ট্র বাগরাম কারাগারের বিশিষ্ট তালেবান নেতাদের আফগানিস্তানের কাছে হস্তান্তর করেছে।
জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে শান্তি আলোচনার ক্ষেত্রে তাদেরকে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন লুদিন। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি।
তালেবান ও অন্য জঙ্গি গোষ্ঠীগুলোকে শান্তি আলোচনায় অংশ নেয়ানোর জন্য আফগান কর্মকর্তারা পাকিস্তানকে বরাবরই চাপ দিয়ে আসছে। শান্তি আলোচনায় প্রভাব বিস্তার করতে পারে এমন কয়েকজন তালেবান নেতাকে ইসলামাবাদ মুক্তি দেওয়ার পর, কাবুল শান্তি আলোচনায় কিছুটা অগ্রগতির কথা জানিয়েছিল।
কিন্তু পাকিস্তান প্রতিনিয়তই গোলপোস্ট পরিবর্তন করছে অভিযোগ করে লুদিন বলেন, শান্তি আলোচনায় এখন পাকিস্তানের জায়গা নেবে আফগানিস্তান।
কারণ, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নেটো বাহিনী ২০১৪ সালের শেষের দিকে আফগানিস্তান থেকে চলে যাওয়ার সময় ঘনিয়ে আসায় শান্তি আলোচনায় অগ্রগতি অর্জন করা জরুরি হয়ে পড়েছে।
সম্প্রতি পাকিস্তান থেকে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে দুই ডজনের বেশি কামানের গোলা ছোড়ার পরিপ্রেক্ষিতে ইসলামাবাদে নির্ধারিত একটি সামরিক সফর বাতিল করে কাবুল।
বিশ্লেষকরা বলছেন, সফর বাতিলের এ সিদ্ধান্ত এবং কর্মকর্তাদের মধ্যে উত্তপ্ত কূটনৈতিক বাক্য বিনিময়ের কারণে আফগান-পাকিস্তানের নড়বড়ে সম্পর্ক আরও নাজুক হয়ে পড়েছে।
