ইরাকে আকস্মিক সফরে জন কেরি
ইরাকে রোববার আকস্মিক সফরে গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।সফরকালে তিনি ইরানি ফ্লাইটে করে সিরিয়ায় অস্ত্র প্রবাহ বন্ধে ইরাককে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন।
ইরাকের ওপর দিয়ে যাওয়া ইরানি ফ্লাইটে সিরিয়ায় অস্ত্র সরবরাহ না হওয়ার বিষয়টি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নূরি আল মালিকিকে চাপ দেন কেরি।
ওই সমস্ত ফ্লাইট দেখেও না দেখার ভান করে থাকার জন্য ইরাককে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র।ইরানের দাবি, ওই ফ্লাইটগুলোতে কেবল মানবিক ত্রাণ সহায়তা পাঠানো হয়।
ইরানি এ সমস্ত ফ্লাইট প্রায় প্রতিদিনই ইরাক হয়ে সিরিয়ায় যাচ্ছে।ইরাক গত বছর এ ফ্লাইটগুলো খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিলেও এপর্যন্ত তারা মাত্র দুটো ফ্লাইটে তল্লাশি চালিয়েছে।
ইরাক সফরকালে কেরি এ বিষয়টি সম্পর্কে ইরাকের কাছ থেকে আরো সহযোগিতা কামনা করেন। তিনি মালিকিকে বলেন,ইরাকের আকাশপথ দিয়ে যাওয়া ইরানি ফ্লাইটগুলো সমস্যাসঙ্কুল।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে যায় এমন যে কোনো কিছুই সমস্যাজনক বলে মন্তব্য করেন তিনি।
সাংবাদিকদের কেরি বলেন, আমি প্রধানমন্ত্রীকে খুব স্পষ্টই বলে দিয়েছি যে, ইরান থেকে আসা ফ্লাইটগুলো আসলে আসাদ আর তার শাসকগোষ্ঠীকে সহায়তা করতেই পরিচালিত হচ্ছে।
ইরাকে মার্কিন আগ্রাসনে সাদ্দামের শাসন উৎখাতের ১০ বছর পূর্তির কয়েকদিন পরই কেরি এ সফরে গেলেন।
এবছর মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর এটিই ইরাকে তার প্রথম সফর।তাছাড়া, ২০০৯ সালের পর ইরাকে কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর এটি।
