২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মুশাররফ পাকিস্তানে ফিরলে গ্রেপ্তার নয়’

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ তার বিরুদ্ধে পাকিস্তানে থাকা বেশ কয়েকটি মামলায় জামিন পেয়েছেন বলে তার আইনজীবীরা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সূত্র: বিবিসি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2013, 05:39 AM

Updated : 23 Aug 2022, 10:26 AM

এই জামিনের (প্রটেকটিভ বেইল) পরিপ্রেক্ষিতে ওইসব মামলায় তাকে নির্দিষ্ট সময় পর্যন্ত গ্রেপ্তার বা হয়রানি করা যাবে না। এবং তার যথাযথ নিরাপত্তা বিধানেরও নির্দেশ দেওয়া হয়েছে।

অর্থাৎ জামিনের নির্দেশ অনুসারে মুশাররফকে সহসাই গ্রেপ্তার করা যাবে না।

এর ফলে স্বেচ্ছানির্বাসন থেকে মুশাররফের পাকিস্তানে ফেরার পথ প্রশস্ত হল। রোববার মুশাররফ পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে এসে নামবেন বলে ধারণা করা হচ্ছে।
পাকিস্তানে মুশাররফের বিরুদ্ধে খুনের ষড়যন্ত্রসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

দেশটিতে মে মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনে মুশাররফ অংশ নিতে যাচ্ছেন বলে এর মাধ্যমে আভাস পাওয়া যাচ্ছে।

পাঁচ বছর আগে দেশটির ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর পর থেকে মুশাররফ লন্ডন ও দুবাইতে বসবাস করছেন।

এরআগে বেশ কয়েকবার তিনি পাকিস্তানে ফেরার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু পূর্ববর্তী ওইসব উদ্যোগ থেকে তিনি সরেও দাঁড়িয়েছিলেন।

২০০৭ সালে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নিহতের ঘটনায় তাকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থতার মামলায় মুশারফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
বেলুচ গোত্রীয় নেতা নওয়াব আকবর বুগতি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগেও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

পাশাপাশি ২০০৭ সালের নভেম্বরে উচ্চতর আদালতের বিচারপতিদের অপসারণের ঘটনাতেও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে মুশাররফের বিরুদ্ধে।

৩ লাখ রূপির বিনিময়ে বিচারক সাজ্জাদ আলি শাহ ওই ৩টি মামলায় মুশাররফকে জামিন দিয়েছেন।

জামিনের নির্দেশে বলা হয়েছে, উচ্চতর আদালতের বিচারকদের অপসারণ সংক্রান্ত মামলায় মুশাররফকে ১০ দিনের মধ্যে গ্রেপ্তার করা যাবে না।

আর অপর দুই মামলায় তাকে আগামী ১৪ দিনের মধ্যে গ্রেপ্তার করা যাবে না।

এই জামিনের (প্রটেকটিভ বেইল) পরিপ্রেক্ষিতে মুশাররফের পাকিস্তানে প্রত্যাবর্তনের পথে প্রধান বাঁধা দূর হল।

তবে সাবেক এই প্রেসিডেন্ট তার বিরুদ্ধে দায়ের মামলাগুলোকে ‘ভিত্তিহীন’ এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে বরাবরই দাবি করে আসছেন।

১৯৯৯ সালে রক্তপাতহীন সেনা অভ্যূত্থানের মধ্য দিয়ে পাকিস্তানের ক্ষমতা দখল করেন জেনারেল পারভেজ মুশাররফ।

২০০৮ সালের ফেব্রুয়ারিতে দেশটিতে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে তার অনুসারী ও সমর্থকরা শোচনীয়ভাবে পরাজিত হয়।

আর মুশাররফ অভিসংশনের হুমকির মুখে ‍ওই বছরের অগাস্টে পদত্যাগ করে দেশ ছেড়ে যান। এরপর থেকে তিনি লন্ডন এবং দুবাইয়ে নির্বাসিত জীবন-যাপন করেছেন।

এরআগে দুবাইয়ে এক সংবাদ সম্মেলনে মুশাররফ বলেছিলেন, “আমি তত্ত্বাবধায়ক সরকার গঠনের পর এক সপ্তাহের মধ্যে পাকিস্তানে ফেরার সিদ্ধান্ত নিয়েছি। ১৬ মার্চের মধ্যে এ সরকার গঠিত হওয়ার কথা রয়েছে।”

১৬ মার্চের মধ্যে পাকিস্তানে পার্লামেন্ট ভেঙে দিয়ে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য গঠন করা হবে এ তত্ত্বাবধায়ক সরকার।

মুশাররফ প্রেসিডেন্ট পদে দাঁড়াবেন কিনা জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন, “সেটি পরের ব্যাপার।এ মুহূর্তে আমি পার্লামেন্ট নির্বাচনে অংশ নিতে দেশে ফিরছি। আমার দল এ নির্বাচনে ভাল করবে বলে আশা করি।”

এরআগে কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মুশাররফ গ্রেপ্তার কিংবা আটক না হওয়ার নিশ্চয়তা পেতে সৌদি আরবের সাহায্য নেয়ার চেষ্টা করতে পারেন।