২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাই হামলা: সঞ্জয় দত্তের ৫ বছরের কারাদণ্ড

১৯৯৩ সালে ভারতের মুম্বাইয়ে ভয়াবহ বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের ৬ বছরের কারাদণ্ড কমিয়ে ৫ বছর কারাবাসের রায় দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সূত্র: এনডিটিভি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2013, 07:01 AM

Updated : 25 Apr 2022, 06:30 PM

ওই ঘটনায় নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইয়াকুব মেমোনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে দেশটির সর্বোচ্চ আদালত।

পাশাপাশি অন্য ১০ জনের মৃত্যুদণ্ডাদেশ কমিয়ে যাবজ্জীনব কারাদণ্ড দেয়া হয়েছে।

২০ বছর আগে ১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বাইয়ে দুপুর ১টা ৩৩ মিনিট থেকে ৩টা ৪০ মিনিট পর্যন্ত শক্তিশালী ১২টি বোমা বিস্ফোরিত হয়।

ভয়াবহ ওই বোমা হামলায় ২৫৭ জন মানুষ নিহত ও ৭১৩ জন আহত হয়। ওই হামলায় প্রায় ২৭ কোটি রূপি সমপরিমান ক্ষয়ক্ষতি হয়।

এই সন্ত্রাসী ঘটনায় আদালত ১১ জনকে মৃত্যুদণ্ড ও ২২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। পাশাপাশি জড়িত অন্যদের ১ লাখ রূপি জরিমানা এবং ১০ থেকে ৩ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে দেয়া হয়েছিল ৬ বছরের কারাদণ্ড।

ইতোমধ্যে মুম্বাই বোমা হামলার ঘটনায় ১৬ মাস কারাভোগ করেন সঞ্জয়।

তবে উচ্চ আদালতে জামিন পেয়ে বর্তমানে মুক্ত জীবনযাপন করলেও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে যেতেই হচ্ছে। তাকে ৪ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে আদালত।

অচিরেই তিনি সাজাভোগের জন্য আত্মসমর্পন করবেন বলে জানা গেছে।

বলিউডের সাড়া জাগানো অভিনেতা সুনীল দত্ত ও অভিনেত্রী নার্গিসের সন্তান সঞ্জয় দত্ত নিজেও খ্যাতিমান অভিনেতা।

এরআগে ওই বোমা হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছিলেন। কিন্তু অবৈধভাবে একটি স্বয়ংক্রিয় কালাশনিকভ রাইফেল ও একটি পয়েন্ট নাইন মিলিমিটার পিস্তল রাখার দায়ে তাকে ওই কারাদণ্ড দেয়া হয়।

১৯৮১ সালে রকি ছবি দিয়ে ২২ বছর বয়সে চলচ্চিত্রে পা রাখেন অভিনেতা-রাজনীতিক সুনীল দত্ত ও নার্গিসের এই সন্তান। ছবিটির পরিচালক ছিলেন সুনীল দত্ত। একই বছর ক্যান্সারে আক্রান্ত হয়ে নার্গিস মারা যান।

ধীরে ধীরে বলিউডে জায়গা করে নেন সঞ্জয়। বিশেষ অ্যান্টিহিরোর চরিত্রে তিনি দর্শকপ্রিয় হয়ে ওঠেন। তার অন্যতম জনপ্রিয় একটি ছবির নাম 'খলনায়ক'।

কয়েক বছর ধরে গ্যাংস্টার ও কমিক রোলে চমৎকার সাফল্য দেখান তিনি। বিশেষ করে তার মুন্নাভাই সিরিজের ছবিগুলি ব্যপক বানিজ্যিক সাফল্য লাভ করে।


সঞ্জয় দত্তের রায় ঘোষণার কালপঞ্জী

এপ্রিল ১৯, ১৯৯৩ : মরিশাস থেকে দেশে ফেরার পর বিমান বন্দর থেকে মুম্বাই গোয়েন্দা পুলিশ সঞ্জয় দত্তকে গ্রেফতার করে। একই দিনে একে ফিফটি সিক্স রাইফেল ও ৯ মিলিমিটার পিস্তল এবং গোলাবারুদ রাখার দাযে তাকে ফের গ্রেফতার করা হয়।

এপ্রিল ২৮, ১৯৯৩ : সঞ্জয় পুলিশের কাছে নিজের অপরাধ স্বীকার করে।

মে ৫ ১৯৯৩ : বোম্বে হাই কোর্ট তার অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করে।

নভেম্বর ৪, ১৯৯৩ : সঞ্জয়ের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

জুলাই ৪, ১৯৯৪ : আদালত তার জামিন না মঞ্জুর করে, তাকে ফের গ্রেফতার করা হয়।

নভেম্বর ২০, ১৯৯৪ : আগের দেওয়া স্বীকোরুক্তি অস্বীকার করেন সঞ্জয়।

জুলাই ২২, ১৯৯৫ : মডেল বান্ধবী রিয়া পিল্লাইয়ের সঙ্গে দেখা করার অনুমতি দেন আদালত। জামিনে ছাড়া পান তিনি। রিয়া তখন অসুস্থ ছিলেন। সঞ্জয় পরে তাকে বিয়ে করেন।

সেপ্টেম্বর, ১৯৯৫ : আদালত সঞ্জয়ের জামিন না- মঞ্জুর করে।

অক্টোবর ১৬, ১৯৯৫ : আদালত থেকে প্রধান বিচারপতির কাছে লেখা চিঠির প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট তার জামিন মঞ্জুর করে।

অক্টোবর ১৮, ১৯৯৫ : ১৫ মাস পরে আদালত থেকে ছাড়া পান সঞ্জয়।

নভেম্বর ২৮, ২০০৬ : ১৯৯৩ সালের মুম্বাই বোমা হামলার ষড়যন্ত্রকারী হিসেবে দায়ের করা অভিযোগ থেকে অব্যহতি পান সঞ্জয়। কিন্তু অবৈধ অস্ত্র রাখার দায় থেকে রেহাই পান না। ১৯ ডিসেম্বরের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয় আদালত।

ডিসেম্বর ১৮, ২০০৬ : প্রবেশন অফ অফেন্ডারস অ্যাক্টের আওতায় সাজা থেকে অব্যহতি চান।

ডিসেম্বর ১৯, ২০০৬ : ২১ ডিসেম্বরের মধ্যে আদালত তাকে আত্মসমপর্ণের নির্দেশ দেয়।

ডিসেম্বর ২১, ২০০৬ : আত্মসমর্পণের সময় বাড়ানো হয় ১৮ জানুয়ারি পর্যন্ত।

১৮ জানুয়ারি, ২০০৬ : আদালত সঞ্জয়ের বক্তব্য শোনেন।

৩১ জুলাই, ২০০৭ : সঞ্জয়কে ৬ বছরের কারাবাস ও ২৫ হাজার রুপি জরিমানা দন্ড দেন আদালত।

২১ মার্চ, ২০১৩ : সঞ্জয়ের কারাদণ্ডের মেয়াদ ১ বছর কমিয়ে ৫ বছরের কারাদণ্ডাদেশ দেয় সুপ্রিম কোর্ট।