২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পোপের অভিষেক, দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান

পোপ হিসাবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের শুরুতেই মঙ্গলবার এক জনসভায় উদ্বোধনী ভাষণে সমাজের দরিদ্র এবং দুর্বল জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে তাদেরকে সুরক্ষা দেয়ার জন্য বিশ্ববাসীকে আহ্বান জানিয়েছেন নতুন পোপ ফ্রান্সিস।

রয়টার্স

.

রয়টার্স

Published : 19 Mar 2013, 01:20 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

এ ব্রত না নিলে মানুষ ধ্বংস আর মৃত্যুর পথে এগিয়ে যাবে বলে সতর্ক করেন তিনি।

রোমের সেন্ট পিটার্স স্কয়ারে তার ভাষণ শুনতে সমবেত হয় প্রায় ২ লাখ মানুষ।জনসভায় এ ভাষণের মধ্য দিয়ে অভিষেক ঘটে পোপ ফ্রান্সিসের।

পোপ ষোড়ষ বেনেডিক্টের জায়গায় গত সপ্তাহে ধর্মযাজকদের ভোটে নির্বাচিত হয়েছেন ফ্রান্সিস।

এর আগে আর্জেন্টিনায় তিনি ছিলেন কার্ডিনাল হোর্হে মারিয়ো বেরগোলিও।আমেরিকা থেকে তিনিই নির্বাচিত প্রথম পোপ।নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি দরিদ্রদের পক্ষেই কথা বলে আসছেন।দরিদ্রদের জন্য চার্চ গড়ে তোলার আহ্বানও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল নয়টায় সেন্ট পিটার্স স্কয়ারে জনসভায় যান পোপ।এ সময় লাখো ভক্ত পতাকা নেড়ে পোপের প্রতি শুভ কামনা জানায়। সমস্বরে তারা বলে ওঠে-“পোপ দীর্ঘজীবি হোক”।

ভাষণের শুরুতেই ঈশ্বরের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর নির্ধরিত উত্তরিয় শরীরে জড়ান পোপ ফ্রান্সিস।এর পরপরই পোপের জন্য নির্ধারিত আংটি দেয়া হয় তাকে।এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পোপের আসনে অভিষিক্ত হন তিনি।

বিশ্ব নেতারাসহ সব মানুষকেই এ সময় পরোপকার এবং গরিবদের রক্ষার ব্রত নেয়ার আহ্বান জানান ফ্রান্সিস।

শিশু, বৃদ্ধ থেকে শুরু করে প্রতিটি মানুষকেই ভালোবেসে কাজ করে যাওয়ার পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক জীবনে দায়িত্ববানদেরকে সৃষ্টিশীলতা রক্ষা করে চলার আহ্বান জানিয়ে পোপ বলেন, এ পথেই আছে আশার আলো।অন্যথায়, মানুষ ধ্বংস, নির্মমতা, আর মৃত্যুর পথে ধাবিত হবে।