২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে বোমা হামলায় নিহত প্রায় ৬০

ইরাকে মার্কিন আগ্রাসনের ১০ বছর পূর্তির দিন মঙ্গলবার রাজধানী বাগদাদ এবং এর দক্ষিণের শিয়া এলাকায় কয়েক দফা গাড়িবোমা ও আত্মঘাতী বোমা হামলায় প্রায় ৬০ জন নিহত হয়েছে।আহত হয়েছে ১৬০ জন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 19 Mar 2013, 09:22 AM

Updated : 23 Aug 2022, 10:24 AM

আল কায়েদা সংশ্লিষ্ট সুন্নি মুসলিম জঙ্গিরা এ বছরের শুরু থেকেই প্রধানমন্ত্রী নূরি আল মালিকি সরকারকে দুর্বল করার জন্য জাতিগত উত্তেজনা উস্কে দিতে শিয়া অবস্থানগুলো লক্ষ্য করে বোমা হামলা জোরদার করেছে।


বাগদাদের ব্যস্ত বাজারে একটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটে। তিনটি বোমা বিস্ফোরিত হয় শিয়া সদর সিটি এলাকায়।আরেকটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটে বাগদাদের কড়া নিরাপত্তাধীন গ্রিন জোনে।

ট্রাক চালিয়ে আসা এক আত্মঘাতী হামলাকারী রাজধানীর দক্ষিণে একটি শিয়া এলাকায় পুলিশ ফাঁড়িতে হামলা চালায়।পুলিশ ও হাসপাতাল সূত্র একথা জানিয়েছে।

বাগদাদের সদর সিটিতে বোমা হামলার মধ্যে পড়া এক ট্যাক্সি চালকের উক্তি, “আমি ট্যাক্সি চালাচ্ছিলাম। হঠাৎ গাড়ি দুলে উঠল।চারদিক ধোঁয়ায় ভরে গেল।মাটিতে দুটো লাশ পড়ে থাকতে দেখলাম।মানুষজন চিৎকার-চেচামেচি করে দৌড়ে পালাচ্ছিল।”

আরেকটি আত্মঘাতী হামলা হয়েছে উত্তরাঞ্চলীয় মসুল শহরে একটি রেস্তারায় এক পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে।

বেশির ভাগ হামলাই হয়েছে বাগদাদের শিয়া অধুষ্যিত এলাকায়।সকালের ব্যস্ত সময়ে প্রায় দু’ ঘণ্টার ব্যবধানে এ সমস্ত হামলা হয়। প্রথম হামলাটি হয় সকাল ৮ টার দিকে।এর কয়েক মিনিট পরপরই ঘটে পরবর্তী হামলাগুলো।

হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে ইরাকের আল কায়েদা শাখা মার্কিন সেনাদের সঙ্গে লড়াইয়ে হেরে যাওয়ার পর আবার সংগঠিত হয়ে সক্রিয় তৎপরতা শুরুর সংকল্প নিয়েছে। সেকারণে এ বছরের শুরু থেকেই তারা শক্তিশালী নানা হামলা চালাচ্ছে।

এর আগে বৃহস্পতিবার বাগদাদের কেন্দ্রস্থলে কড়া নিরাপত্তাধীন বিচার মন্ত্রণালয়ে আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিদের আরেকটি বোমা হামলায় ২৫ জন নিহত হয়।

ইরাকে মার্কিন আগ্রাসনে সাদ্দামের শাসন উৎখাতের এক দশক পরও জঙ্গি হামলা, জাতিগত সংঘাত এবং শিয়া, সুন্নি ও কুর্দি দলগুলোর মধ্যে রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজমান।

এর মধ্যে সিরিয়ায় চলমান গৃহযুদ্ধের কারণে ইরাক পরিস্থিতি আরো অস্থিতিশীল হয়ে উঠছে।

গত বছর ৯ সেপ্টেম্বরে ইরাকে বোমা হামলায় ৭৬ জন নিহতের ঘটনার পর মঙ্গলবারের এ হামলাটি সবচেয়ে প্রাণঘাতী বলে মনে করা হচ্ছে।