২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে বিদ্রোহীদের হামলার হুমকি সিরিয়ার

লেবাননে আত্মগোপন করে থাকা বিদ্রোহীদের ওপর হামলার হুমকি দিয়েছে সিরিয়া।লেবাননের সেনাবাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এ হামলা চালানো হতে পারে বলে সিরিয়া সতর্ক করে দিয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 15 Mar 2013, 11:14 AM

Updated : 23 Aug 2022, 10:23 AM

রাষ্ট্রীয় সানা বার্তা সংস্থা শুক্রবার জানায়, সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় বৃহস্পতিবার লেবাননের পররাষ্ট্রমন্ত্রণালয়কে বলেছে, বিপুল সংখ্যক জঙ্গি গত দুদিনে লেবাননের দক্ষিণ সীমান্ত পেরিয়ে সিরিয়ার তেল কালাখ শহরে প্রবেশ করেছে।

সিরিয়া চায় লেবানন শসস্ত্র ওই বিদ্রোহীদের সীমান্ত পারাপার বন্ধে ব্যবস্থা নিক।কারণ বিদ্রোহীরা সিরিয়ার জনগণকে হামলার লক্ষ্য করেছে এবং সিরিয়ার সার্র্ববৌমত্ব ভঙ্গ করছে।

মন্ত্রণালয় আরো বলেছে, সিরিয়া বাহিনী এ যাবৎ লেবাননের ভূখন্ডে শসস্ত্র বিদ্রোহী বাহিনীর ওপর হামলা না চালানোর ব্যাপারে সংযত থেকেছে। কিন্তু সিরিয়ার ধৈর্য্যের একটা সীমা আছে।

সানা বার্তা সংস্থা জানায়, বিদ্রোহীরা লেবাননে পালানোর আগে সীমান্ত এলাকার কাছে হামলায় বিপুল সংখ্যক মানুষ হতাহত হয়েছে।তাছাড়া, সিরিয়া সংঘাত থেকে লেবাননও সংঘাতে জড়িয়ে পড়ার ক্রমবর্ধমান ঝুঁকির মুখে রয়েছে বলে আশঙ্কা করছেন দেশটির কর্মকর্তারা।

জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান এন্টনিও গুটারেস শুক্রবার বলেছেন, সিরিয়া সংঘাত লেবাননের অস্তিত্বের জন্য হুমকি।

তিনি বলেন, সিরিয়া সঙ্কট যে লেবাননের অস্তিত্বের জন্য হুমকি আন্তর্জাতিক সম্প্রদায়কে তা উপলব্ধি করতে হবে এবং দেশটিকে এখনকার চেয়ে আরো শক্তিশালী সমর্থন দিতে হবে।

শুক্রবার গৃহযুদ্ধের দ্বিতীয় বছর পার করছে সিরিয়া। ২০১১ সালের এই দিনে আরব বসন্তের ঢেউয়ে দেশটিতে শুরু হয় সরকারবিরোধী আন্দোলন। কিন্তু ক্ষমতা না ছাড়তে প্রেসিডেন্ট বাশার-আল আসাদের অনড় অবস্থানের কারণে শুরু হওয়া সশস্ত্র লড়াই পরবর্তীতে গৃহযুদ্ধে রূপ নেয়।
সিরিয়ায় গৃহযুদ্ধের বর্ষপূর্তির এ সময়টিতেই বহির্শক্তির অস্ত্র প্রবেশে ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞা বাতিল করতে ফ্রান্স ও যুক্তরাজ্য আহবান জানাবে বলে জানিয়েছে।

বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদে বলেন, নিষেধাজ্ঞা বাতিলে ইইউ তে কোনো সমঝোতা না হলে ফ্রান্স একাই সিরিয় বিদ্রোহীদের সমর্থনে ব্যবস্থা নেবে।

শুক্রবারই সিরিয়া ইস্যু নিয়ে ব্রাসেলসে বৈঠক হওয়ার কথা ইইউ নেতাদের। জাতিসংঘের হিসাব অনুযায়ী, সিরিয়ায় গৃহযুদ্ধে নিহত হয়েছে অন্তত ৭০ হাজার মানুষ। দেশ ছেড়ে পালিয়েছে ১০ লাখেরও বেশি মানুষ। তারা লেবাননে আশ্রয় নিয়ে আছে বলে ধারণা করা হয়।

সিরিয়ার বিদ্রোহীদের সমর্থক বিভিন্ন লেবানিজ গ্রুপ এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সমর্থক লেবানিজ গ্রুপগুলোর মধ্যে উত্তেজনা বাড়ছে এবং তা অনেক সময়ই সহিংসতায় রূপ নিচ্ছে।