২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবর্তনের বার্তা নিয়ে এলেন প্রথম ফ্রান্সিস

দরিদ্রবান্ধব, সহজ-সরল জীবনযাপন ও বিনয়ের বার্তা নিয়ে বিশ্বের ১২০ কোটির বেশি রোমান ক্যাথলিকের নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন হোর্হে মারিও বেরগোলিও।

আজিজ হাসান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2013, 07:57 AM

Updated : 23 Aug 2022, 10:23 AM

এক হাজার বছরেরও বেশি সময় পর ইউরোপের বাইরে থেকে পোপ নির্বাচিত হলেন এই আর্জেন্টাইন, দরিদ্রের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হওয়ার ইতিহাস রয়েছে যার।

দায়িত্ব নিয়েই যৌন কেলেঙ্কারি, জটিল আমলাতন্ত্র ও দুর্নীতির অভিযোগের মুখে থাকা বিশ্বের সবচেয়ে বড় এই সংগঠনের ভাবমূর্তি পুনরুদ্ধারের চ্যালেঞ্জ সামলাতে হবে নতুন পোপকে।

সমলিঙ্গ বিয়ে ও জন্ম নিয়ন্ত্রণ নিয়ে তিনি চার্চের কট্টর অবস্থানের পক্ষে হলেও অভিষিক্ত হওয়ার পর ক্যাথলিক মতাবলম্বীদের সামনে এসে প্রথম দর্শনেই পরিবর্তনের কিছু আভাস তিনি দিয়েছেন।

দারিদ্র, বিনয়, সহজ-সরল জীবন ও ক্যাথলিক চার্চের সংস্কারেরর প্রতীক হয়ে থাকা সেন্ট ফ্রান্সিস অব অ্যাসিসির স্মরণে ‘ফ্রান্সিস’ নামটি নিয়েছেন অভিষিক্ত নতুন পোপ।

দ্বাদশ শতকের ইতালীয় ধর্মপ্রচারক ফ্রান্সিস বিপুল সম্পদ ত্যাগ করে বেছে নিয়েছিলেন দরিদ্রের জীবন।

বুধবার রাতে রোমের ভ্যাটিক্যান সিটির সিস্টাইন চ্যাপেলে পোপ ষোড়শ বেনেডিক্টের উত্তরসূরি হিসাবে নতুন পোপ নির্বাচিত হওয়ার পর গির্জার বারান্দায় এসে অনুসারীদের দেখা দেন ৭৬ বছর বয়সী বেরগোলিও।

সেন্ট পিটার্স স্কয়ারে সমবেত দেড় লাখ মানুষ ও বিশ্বব্যাপী টেলিভিশনের পর্দার সামনে অপেক্ষারতদের সামনে দাঁড়িয়ে সমবেতদের আশির্বাদ করার বদলে তাদের শুভকামনা চান এই ধর্মগুরু।

উচ্ছ্বাস আর আবেগসিক্ত অনুসারীদের উদ্দেশে তিনি বলেন, “আমি আপনাদের সমর্থন চাইছি। আমার জন্য প্রার্থনা করুন”।

এ সময় আরেকটি পুরনো প্রথাও ভেঙে দেন পোপ ফ্রান্সিস। নতুন পোপ হিসেবে আত্মপ্রকাশের সময় যাজকদের চেয়ে উঁচুতে অবস্থানের জন্য একটি প্লাটফর্মে উঠে দাঁড়াতে অস্বীকৃতি জানান তিনি।

এ বিষয়ে নিউ ইয়র্কের আর্চবিশপ কার্ডিনাল টিমোথি ডোলান বলেন, “তিনি বলেছিলেন, আমি এখানেই দাঁড়াব। সবাইকে এক কাতারে দেখেন তিনি।”

সবাইকে ধন্যবাদ জানিয়ে ও সবার জন্য শুভকামনা করে দর্শন পর্ব শেষ করেন বেরগোলিও। এরপর সেন্ট পিটার্স স্কয়ারে চলে উল্লাস। উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে হোর্হে মারিও বেরগোলিওর নিজের দেশ আর্জেন্টিনাতেও। স্থানীয় গির্জাগুলোতে গিয়ে ভিড় জামিয়ে আনন্দে শরিক হন ক্যাথলিকরা।

এক হাজার তিনশ’ বছরের বেশি সময় পর ইউরোপের বাইরে থেকে রোমান ক্যাথলিকদের নেতা নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনগুলোতে ক্যাথলিক চার্চের গতিপ্রকৃতি নিয়েও কিছু মৌলিক প্রশ্নের জবাব এসেছে বলে মনে করেন বিশ্লেষকরা।

নেতা নির্বাচনে যাজকরা তাকিয়েছেন ল্যাতিন আমেরিকার দিকে, যেখানে রয়েছে বিশ্বের মোট ক্যাথলিকদের ৪২ শতাংশের বসবাস। বিত্তবৈভবের বদলে যেখানে ধর্মবিশ্বাসকে ভিত্তি করেই গড়ে উঠছে নতুন নতুন গির্জা।

এবার এমন একজনকে বেছে নেয়া হয়েছে, যিনি পোপ ষোড়শ বেনেডিক্টের মতো ‘অ্যাকাডেমিক’ নন; ভ্যাটিকান সিটির মধ্যেও তিনি বেড়ে ওঠেননি। দারিদ্র্য আর পার্থিব জীবনের উত্থান পতন সম্পর্কেও যার রয়েছে বিস্তর অভিজ্ঞতা। 

ইতালীয় ধর্মতাত্ত্বিক ম্যাসিমো ফ্যাগিওলি বলেন, “আমার মনে হচ্ছে, জীবনের সার্বিক বিষয়ে সজাগ থাকবেন নতুন পোপ।”

১৯৩৬ সালের ১৭ ডিসেম্বর আর্জেন্টিনার রাজধানী বুয়েনেস আইরেসে এক গরীব ঘরে জন্ম নেন বেরগোলিও। ইতালীয় বাবা বুয়েনেস আইরেসে রেলশ্রমিকের কাজ করতেন, মা ছিলেন গৃহবধূ। তারা ছিলেন সাত ভাই-বোন।

রসায়নের ছাত্র বেরগোলিও আর্জেন্টিনা ছাড়াও জার্মানিতে পড়ালেখা করেন। একটি ফুসফুস অকেজো হয়ে যাওয়ার এক দশক পর ৩২ বছর বয়সে ধর্মপ্রচারে মনোনিবেশ করেন। দেরিতে শুরু করলেও চার বছরের মধ্যে স্থানীয় জেসুইট সংঘের নেতৃত্বে চলে আসেন তিনি।

১৯৯২ সালে বিশপ এবং ১৯৯৮ সালে বুয়েনেস আইরেসের আর্চ বিশপের দায়িত্ব নেন বেরগোলিও। ২০০৫ সালে পোপ ষোড়শ বেনেডিক্ট নির্বাচিত হওয়ার সময়ও ক্যাথলিকদের নেতা হিসেবে তাকে একজন প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছিল।

প্রভাবশালীদের ছাড় না দেয়ার জন্য পরিচিতি রয়েছে বেরগোলিওর। আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ক্রিশ্চনার এবং তার প্রয়াত স্বামী ও নেস্টর ক্রিশ্চনারের সঙ্গে বিরোধে জড়িয়েছেন তিনি।

তবে সমকামী বিবাহ ও জন্মনিয়ন্ত্রণ উপকরণের অবাধ বিতরণের বিরুদ্ধেও সোচ্চার ছিলেন নতুন পোপ।

‘ঈশ্বরের পরিকল্পনা ধ্বংস করার চক্রান্ত’ অভিহিত করে সমকামী বিয়ের জোরালো বিরোধিতা করেন তিনি।

২০০১ সালে আর্জেন্টিনার অর্থনৈতিক সঙ্কটের সময় বিক্ষোভে পুলিশের নির্যাতনের প্রতিবাদেও সোচ্চার দেখা যায় এই ধর্মগুরুকে। দরিদ্রের অধিকার প্রতিষ্ঠার পক্ষে কথা বলে নিজের দেশে বিভিন্ন সময়ে তিনি আলোচনায় আসেন।

[বিবিসি, রয়টার্স ও সিএনএন অবলম্বনে]