২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাম সিং-এর লাশ পরিবারের কাছে হস্তান্তর

দিল্লির বাসে প্যারামেডিকেল ছাত্রীকে ধর্ষণ ও হত্যার সেই আলোচিত মামলার আত্মহত্যাকারী প্রধান আসামি বাস চালক রাম সিং-এর মরদেহ ময়নাতদন্তের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সূত্র: বিবিসি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2013, 04:30 AM

Updated : 23 Aug 2022, 10:22 AM

রোববার রাম সিং দিল্লির তিহার জেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

কারা কর্তৃপক্ষ রাম সিং-এর মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করলেও তার আইনজীবী ও পরিবার একে হত্যাকাণ্ড বলে অভিযোগ তুলেছে।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশিল কুমার সিন্ধে এই মৃত্যুকে কারাগারের নিরাপত্তা ব্যবস্থার গুরুতর ত্রুটি বলে অভিহিত করেছেন। এ ব্যাপারে তদন্ত চলছে বলেও তিনি জানান।
রাম সিং-এর মরদেহ অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এএলএলএমএস) –এ ময়নাতদন্তের পর মঙ্গলবার বিকালে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ময়নাতদন্তের ফলাফল এখনো প্রকাশ করা হয়নি।

একটি অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে যায় বলে জানা গেছে।

রাম সিং-এর ভাইয়ের বরাত দিয়ে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, ‘আমার ভাইকে খুন করা হয়েছে। আমি তার শরীরে আঘাতের চিহ্ন দেখেছি। তার গলায় আঙুলের ছাপ ছিল।’

রাম সিং-এর মৃত্যুতে কর্তৃপক্ষ প্রচণ্ড চাপের মুখে পড়েছে। এই মামলাটি নিয়ে এমনিতেও কর্তৃপক্ষের ওপর বড় ধরনের চাপ ছিল।

তিহার জেল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার ভোর ৫টার দিকে নিজের পোশাক গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন রাম সিং। আত্মহত্যার পর রাম সিং-এর লাশ প্রথমে দিল্লির দিন দয়াল উপাধ্যায় হাসপাতালে রাখা হয়। পরবর্তী সময়ে রাম সিং-এর মরদেহের ময়নাতদন্ত হয় এএলএলএমএস -এ।

গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় বন্ধুর সঙ্গে সিনেমা দেখে ফেরার সময় একটি বাসে গণধর্ষণের শিকার হন ২৩ বছর বয়সী ওই ছাত্রী। ধর্ষণের পর সেই তরুণী ও তার বন্ধুকে ব্যাপক মারধর করা হয়। পরে চলন্ত বাস থেকে তাদের দুজনকে ছুঁড়ে ফেলে বাসের চাকায় পিষ্ট করে মারার চেষ্টা হয় তাদের।

সেই ঘটনার দুই সপ্তাহ পর ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরের এক হাসপাতালে মারা যায় ধর্ষিতা ওই ছাত্রী।

এ ঘটনা নাড়িয়ে দেয় পুরো ভারতকে। নারীর প্রতি সহিংসতা রোধে কর্তৃপক্ষের ব্যর্থতায় এবং ধর্ষকদের ফাঁসির দাবিতে ভারতজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
টানা বিক্ষোভের মধ্যে বাস চালক রাম সিংসহ ছয়জনকে আটক করে পুলিশ। গত মাসে দ্রুত বিচার আদালতে তাদের পাঁচ জনের বিচার শুরু হয়। অন্যজন প্রাপ্তবয়স্ক না হওয়ার কিশোর অপরাধ আদালতে তার বিচার চলছে।

এ মামলার প্রধান আসামির মৃত্যুতে নিহত তরুণীর ভাই সাংবাদিকদের বলেন, “তার বিরুদ্ধে যে মামলা তাতে তার ফাঁসি হবে-এ কথা তিনি জানতেন।
“তবে তার মৃত্যুর খবরে আমি খুশি হইনি। কারণ আমি চেয়েছিলাম তাকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হোক। তার এভাবে মৃত্যুতে বিচার পাওয়া হলো না। বাকিদের মৃত্যুদণ্ড হবে বলে আশা করি।”

দ্রুত বিচার আইনে অন্য যাদের মামলা চলছে তারা হলেন- রাম সিংয়ের ভাই মুকেশ সিং, শরীরচর্চা প্রশিক্ষক বিনয় শর্মা, বাসের পরিচ্ছন্নতাকর্মী অক্ষয় কুমার সিং ও ফল বিক্রেতা পবন কুমার।

দক্ষিণ দিল্লির একটি বস্তিতে থাকতেন রাম সিং। প্রতিবেশিদের বর্ণনায়, রাম সিং ছিলেন বদমেজাজী ও মদ্যপ।