কেনিয়াত্তা হলেন কেনিয়ার নতুন প্রেসিডেন্ট
কেনিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন উপপ্রধানমন্ত্রী উহুরু কেনিয়াত্তা, যার বাবা জোমো কেনিয়াত্তা ছিলেন দেশটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট।
প্রেসিডেন্ট নির্বাচনে ৫০ দশমিক শূন্য ৭ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। তার প্রতিদ্বন্দ্বী প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা পেয়েছেন ৪৩ দশমিক ২৮ শতাংশ ভোট।
ভোটগ্রহণের পাঁচ দিন পর শনিবার দেশটির নির্বাচন কমিশন এ ফল ঘোষণা করে।
ইন্ডিপেনডেন্ট ইলেকটোরাল অ্যান্ড বাউন্ডারিজ কমিশনের (আইইবিসি) চেয়ারম্যান ইসাক হাসান বলেন, পুরো বিশ্বের পর্যবেক্ষণের মধ্যে কেনিয়ার জনগণ ধৈর্য্য সহকারে ও শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে।
“তাদের ভোটে আমি উহুরু কেনিয়াত্তাকে কেনিয়া প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ঘোষণা করছি।”
কেনিয়াত্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরের পর আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযুক্ত দ্বিতীয় ব্যক্তি হিসেবে আফ্রিকার কোনো দেশের প্রেসিডেন্ট হলেন কেনিয়াত্তা।
কেনিয়ায় ২০০৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর ছড়িয়ে পড়া গোষ্ঠীগত দাঙ্গার পিছনে তার উস্কানি ছিল বলে অভিযোগ করা হয়। ওই সময় সহিংসতায় এক হাজারের বেশি মানুষ নিহত এবং ছয় লাখের বেশি মানুষ গৃহহীন হয়।
কেনিয়ার এবারের প্রেসিডেন্ট নির্বাচনে এক কোটি ৪৩ লাখ ভোটারের মধ্যে ৮৬ শতাংশ ভোট দিয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।
