হুগো শ্যাভেজ: ১৯৫৪-২০১৩
ক্যান্সার আক্রান্ত হয়ে ভেনেজুয়েলার জনপ্রিয়, সমাজতান্ত্রিক নেতা হুগো শ্যাভেজ মঙ্গলবার মারা গেছেন। তার মৃত্যুতে শোকে মুহ্যমান ভেনেজুয়েলার সাধারণ মানুষ থেকে শুরু করে দেশটির সর্বোচ্চ নেতৃবৃন্দ। বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ছিলেন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের কট্টর সমালোচক শ্যাভেজ।
তার সংক্ষিপ্ত জীবনপঞ্জী পাঠকের উদ্দেশ্যে তুলে ধরা হল।
১৯৫৪ : হুগো রাফায়েল শ্যাভেজ ফ্রিয়াস ভেনেজুয়েলার বারিনাস রাজ্যের সাবানেতা গ্রামে ২৮ জুলাই জন্মগ্রহণ করেন। তার পিতামাতা দুজনেই ছিলেন স্কুল শিক্ষক। পিতামাতার সাত সন্তানের মধ্যে তিনি দ্বিতীয়। বাল্যকাল প্রায় অভাব-অনটনের মধ্যেই কেটেছে।
বড় হয়ে রাজনীতিবিদ নয়, সফল বেসবল খেলোয়াড় হতে চেয়েছিলেন তিনি।
১৯৭১ : বারিনাস শহরের হাইস্কুলের পাঠ শেষ করে রাজধানী কারাকাসের মিলিটারি একাডেমিতে ভর্তি হন। এখানে পড়াশোনার মাধ্যমে ল্যাতিন আমেরিকার বিপ্লবী নেতা সিমন বলিভার সম্পর্কে জানতে পারেন।
১৯৭৫ : ভেনেজুয়েলা একাডেমি অব মিলিটারি সায়েন্স থেকে গ্রাজুয়েশন লাভ করে সেনাবাহিনীর সেকেন্ড লেফন্ট্যানান্ট পদে প্রমোশন পান। সেনা জীবনে এক দক্ষ কর্মকর্তা হিসেবে তিনি সুনাম অর্জন করেন।
১৯৭৭ : সেনাবাহিনীর ভিতরে বিপ্লবী আন্দোলনে জড়িয়ে পড়েন।
১৯৮১ : মিলিটারি একাডেমির শিক্ষক হিসেবে নিয়োগ পান। এখানে তরুণ সামরিক কর্মকর্তাদের মাঝে নিজের বিপ্লবী চিন্তা-ভাবনা ছড়িয়ে দেন।
১৯৮২ : সিমন বলিভারের নামে রেভ্যূলুশন বলিভারিয়ান মুভমেন্ট (এমবিআর) প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে সেনা সদস্যদের সংগঠিত করে বলিভারের অসমাপ্ত বিপ্লব সমাপ্ত করার পরিকল্পনা করেন।
১৯৮৯- ৯০ : সিমন বলিভার বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিয়ে পড়াশুনা করেন।
১৯৯২ : তৎকালীন প্রেসিডেন্ট কার্লোস আন্দ্রেস পেরেজের বিরুদ্ধে সেনা অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে আত্মসমর্পন করে দুই বছর কারাবাস করেন।
১৯৯৪ : নতুন প্রেসিডেন্ট রাফয়েল কালদেরা রড্রিগুয়েজের সাধারণ ক্ষমা ঘোষণার আওতায় মুক্তি পেয়ে ‘পঞ্চম প্রজাতন্ত্র আন্দোলন’ নামে রাজনৈতিক দল গঠন করেন।
১৯৯৮ : যদিও জোর পূর্বক সরকার উৎখাতে বিশ্বাসী ছিলেন, পরে মত পাল্টে প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেন এবং ৫৬ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেন।
১৯৯৯ : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। সংশোধিত সংবিধানের ওপর গণভোট আয়োজন করে ব্যাপক সমর্থন পান।
২০০০ : পরিবর্তিত সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ৬০ শতাংশ ভোট পেয়ে পরবর্তী ৬ বছরের জন্য পুনরায় নির্বাচিত হন।
২০০২ : দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও শীর্ষ সেনা কর্মকর্তাদের অভ্যুত্থানে ক্ষমতাচ্যূত হন। কিন্তু অনুগত সেনা ও জনগণের তীব্র প্রতিবাদে তিনদিনের মধ্যে আবার ক্ষমতা ফিরে পান।
২০০৪ : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন, এ মর্মে অনুষ্ঠিত গণভোটে আবারও ব্যাপক সমর্থন পান।
২০০৬ : প্রেসিডেন্ট নির্বাচনে ৬৩ শতাংশ ভোট পেয়ে আরো ছয় বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন।
২০০৭ : আজীবন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট থাকতে পারবেন, এ মর্মে অনুষ্ঠিত গণভোটে হেরে যান।
২০১০ : পার্লামেন্ট নির্বাচনে আবারো শ্যাভেজের দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। তবে এবার বিরোধীরা প্রায় ৪০ শতাংশ আসন লাভ করে।
২০১১ : নিজের শরীরে ক্যান্সার ধরা পড়ার ঘোষণা দেন। কিউবায় তার চিকিৎসা শুরু হয়।
২০১২ : অসুস্থ শরীর নিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে আবারো বিপুল ভোটে জয়লাভ করেন।
২০১২ : ডিসেম্বরে ক্যান্সারের চতুর্থ অস্ত্রোপচারের জন্য আবার কিউবায় যান।
২০১৩ : কিউবা থেকে অসুস্থ শরীরে হঠাৎ দেশে ফিরে আসেন।
২০১৩ : ৫ মার্চ ভেনিজুয়েলার সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
