সামরিক ঘাঁটি পরিদর্শনে ইরানকে জাতিসংঘের চাপ
ইরানের পারচিন সামরিক স্থাপনা অবিলম্বে পরিদর্শন করতে দেয়ার জন্য সোমবার তেহরানকে তাগাদা দিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা(আইএইএ)।
ইরানের এই সামরিক ঘাঁটিতেই পারমাণু অস্ত্র সংশ্লিষ্ট পারমাণবিক পরীক্ষা চালানো হতে পারে বলে সন্দেহ করছে আইএইএ।
আইএইএ’র ৩৫ জাতি বোর্ডের মহাপরিচালক ইউকিয়া আমানো বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রশমনে অস্পষ্টতা দূর করার জন্য ২০১২ সালের শুরু থেকে চেষ্টা করেও কোনো অগ্রগতি সাধন করতে পারেননি তিনি।
এক বছরেরও বেশি সময় ধরে ইরানকে দীর্ঘদন যাবত বন্ধ হয়ে থাকা পরমাণু স্থাপনা পরিদর্শন চালু করতে সহযোগিতা করার জন্য রাজি করানোর চেষ্টা করে আসছে আইএইএ।
আমানো বলেন, আইএইএ ইরানের সঙ্গে বিষয়টি নিয়ে গঠনমূলক আলোচনা করতে প্রতিশ্রুতিবদ্ধ।কিন্তু আলোচনা জরুরি ভিত্তিতে এবং বাস্তবসম্মত ফল লাভের দিকে এগুতে হবে দ্রুত।
ইরানের পারচিন সামরিক ঘাঁটি পরিদর্শনকেই আইএইএ সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। কারণ এ ঘাঁটিতে পারমাণবিক পরীক্ষা চালানোর জন্য দেশটি এক দশক আগে বিস্ফোরক চেম্বার তৈরি করেছে বলে তাদের ধারণা। তবে ইরান এমন কথা অস্বীকার করেছে।
ইরানকে এ ঘাঁটি পরিদর্শন করতে দেয়ার আহ্বান জানিয়ে এক বক্তব্যে আমানো বলেন, ইরান সেখানে প্রবেশাধিকার দিলে তা হবে একটি ইতিবাচক পদক্ষেপ। আর এতে পারমাণবিক কর্মসূচি নিয়ে আইএইএ’র উদ্বেগ দূর করতে ইরানের সহযোগিতা করার সদিচ্ছার বহিঃপ্রকাশ ঘটবে।
