হাসপাতালে রানি এলিজাবেথ
ব্রিটেনের রানি এলিজাবেথ পেটের পীড়ায় আক্রান্ত হয়ে হাসপাতাল ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন বাকিংহাম প্যালেসের একজন মুখপাত্র।
রোববার তিনি জানান, গ্যাস্ট্রোএনটেরাইটিস বা পাকস্থলির প্রদাহের লক্ষ্মণ দেখা দেয়ায় ৮৬ বছর বয়সী রানিকে লন্ডনের কিং এডওয়ার্ড (সপ্তম) হাসপাতালে ভর্তি করা হয়।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় রোববার বিকেল ৩টায় একটি গাড়িতে করে রানিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই অসুস্থতার কারণে আগামী সপ্তাহের রোম সফরসহ রানির সব ধরনের দাপ্তরিক কাজ স্থগিত অথবা বাতিল করা হয়েছে বলে তার মুখপাত্র জানান।
তিনি বলেন, গ্যাস্ট্রোএনটেরাইটিসের লক্ষ্মণ থাকলেও রানির স্বাস্থ্যের অবস্থা ভাল। আগাম সতর্কতা হিসাবেই তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন রানির প্রতি শুভেচ্ছা জানিয়েছেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করে একটি টুইট করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, রানি এলিজাবেথকে আরো দুদিন হাসপাতালে থাকতে হতে পারে।
গত বছর সিংহাসনে আরোহণের ৬০ বছর পূর্ণ করা ব্রিটিশ রানি এমনিতে সুস্বাস্থ্যের অধিকারী। এর আগে সর্বশেষ তাকে হাসপাতালে যেতে হয়েছিল ২০০৩ সালে। সে সময় তার হাঁটুতে ছোট একটি অস্ত্রোপচার হয়।
