২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলেপ্পোতে সরবরাহ লাইন সচল করেছে আসাদ বাহিনী

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী আলেপ্পোর দক্ষিণপুবের একটি গ্রাম দখল করে আলেপ্পোর দিকের একটি সরবরাহ পথ আবার সচল করেছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 02 Mar 2013, 08:29 AM

Updated : 23 Aug 2022, 10:17 AM

শুক্রবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সিরীয় মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

গত আটমাস ধরে সিরিয়ার বৃহত্তম এই শহরটিতে বিদ্রোহীদের সঙ্গে আসাদ বাহিনীর তীব্র লড়াই চলছে।

সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, আলেপ্পোর প্রধান সরবরাহ পথ উত্তর-দক্ষিণ মহাসড়কের নিয়ন্ত্রণ বিদ্রোহীদের কাছে হারানোর পর থেকে স্থলপথে সরবরাহ পুনরায় চালু করার চেষ্টা করছিল আসাদ বাহিনী। তেল শাগহাইব দখলের মাধ্যমে হামা থেকে উত্তরে আলেপ্পোতে স্থল সরবারাহ পথ সচল রাখার শেষ চেষ্টা করছে তারা।

অবজারভেটরির পরিচালক রামি আব্দেল রহমান সরবরাহ পথ পুনরায় চালু করাকে ক্ষমতাসীনদের জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য বলে বর্ণনা করেছেন।

এদিন আলেপ্পোর চারদিকে বিদ্রোহীদের সঙ্গে সরকারী বাহিনীর তীব্র লড়াই হয়েছে বলে জানিয়েছে অবজারভেটরি।

বিদ্রোহীরা জানিয়েছে, তারা আলেপ্পো শহরের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে এবং শহরটির আশপাশের গ্রামীণ এলাকাগুলোর প্রায় পুরোটাই তাদের নিয়ন্ত্রণাধীন আছে।

তবে শহরটির পুরো দখল এখনো বিদ্রোহীরা নিতে পারেনি। এ জন্য আসাদ বাহিনীর বিমান হামলা, গোলা হামলা ও ব্যালাস্টিক মিসাইল হামলার মুখে নিজেদের অসহায়ত্ব ও উন্নত অস্ত্রশস্ত্রের অভাবকে দায়ী করেছে বিদ্রোহীরা।

গত সপ্তাহেও আসাদ বাহিনীর গোলা ও ব্যালেস্টিক মিসাইল হামলায় আলেপ্পোর বিদ্রোহী অধ্যুষিত এলাকায় বহু মানুষ হতাহত হয়।

বৃহস্পতিবার ইতালির রাজধানী রোমে বিদ্রোহী নেতাদের সঙ্গে এক বৈঠকে যুক্তরাষ্ট্র বিদ্রোহীদের সরাসরি সাহায্য দেওয়ার ঘোষণা দিলেও মারণাস্ত্র দেওয়া হবে না বলে জানিয়ে দেয়। যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তে অসন্তুষ্ট হয় বিদ্রোহীরা।

যুক্তরাষ্ট্রের অস্ত্র সাহায্যে পুষ্ট হয়ে আসাদ বাহিনীর সমকক্ষ হয়ে ওঠার আশা করেছিল তারা।