২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও ত্রিপুরার মুখ্যমন্ত্রী হলেন মানিক সরকার

ভারতের গতানুগতিক রাজনীতিবিদদের বিপরীতে মানিক সরকার তার ব্যতিক্রমী ধারার জন্য খ্যাতিমান। ব্যাংকে জমানো কোনো টাকা নেই তার । প্রায়ই তাকে ভারতের সবচেয়ে গরীব মুখ্যমন্ত্রী হিসেবে বর্ণনা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সূত্র : এনডিটিভি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2013, 09:41 AM

Updated : 23 Aug 2022, 10:17 AM

চতুর্থবারের মতো ত্রিপুরার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন বর্ষীয়ান বামপন্থী নেতা মানিক সরকার। নির্বাচনে পঞ্চমবারের মতো বামফ্রন্টের নিরঙ্কুশ বিজয়ের পর মানিক সরকারকে আবার মুখ্যমন্ত্রী হিসেবে বরণ করে নিলো জোটের নেতারা।

মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবার ৬৪ বছর বয়সী এ নেতা বলেন, “জনতার এ রায়ে আমি বিস্মিত নই। এটি প্রত্যাশিতই ছিল। এটি আমার একার বিজয় নয়। আমার ব্যক্তিত্বের ওপর ভিত্তি করেও এ জয় আসেনি। এটি আমাদের সম্মিলিত চেষ্টার ফল। এখানে ব্যক্তি কোনো বিষয় নয়। আপনাদের মনে হতে পারে, এই নির্বাচন আমাকে ঘিরে আবর্তিত হয়েছে, কিন্তু এর সঙ্গে আমি একমত নই।”

ভারতের গতানুগতিক রাজনীতিবিদদের বিপরীতে মানিক সরকার তার ব্যতিক্রমী ধারার জন্য খ্যাতিমান। ব্যাংকে জমানো কোনো টাকা নেই তার । প্রায়ই তাকে ভারতের সবচেয়ে গরীব মুখ্যমন্ত্রী হিসেবে বর্ণনা করা হয়।

তার মাসিক বেতন মাত্র ৫ হাজার টাকা। শেষ বেতন বাড়িয়েছিলেন প্রায় পাঁচ বছর আগে। নিজ দল সিপিএম এর মালিকানাধীন একটি ভারতীয় জিপে চলাফেরা করেন তিনি। দিনে ১২ ঘণ্টা অফিস করেন।

সাধাসিধে বন্ধুবৎসল হলেও তাকে অত্যন্ত দায়িত্বশীল বলে বর্ণনা করেন সহকর্মীরা।

নিঃসন্তান পরিবারে স্ত্রী পাঞ্চালীকে নিয়ে তিনি বসবাস করেন। ১৯৯৮ থেকে তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করে আসছেন।